ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
প্রধানমন্ত্রী সহ মন্ত্রী পরিষদ পদত্যাগ করলে হরতাল প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি আজ গুলশানের বাসায় বিকল্প ধারার মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর আব্দুল মান্নান এবং কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর সঙ্গে বৈঠকে এ কথা বলেন। বৈঠকে বঙ্গবীর কাদের সিদ্দিকী বেগম জিয়াকে হরতাল প্রত্যাহারের আহবান জানালে তিনি এ কথা বলেন বলে জানা গেছে।
রাত সাড়ে ৮টায় তারা গুলশান ২-এর ৭৯ নম্বর রোডে অবস্থিত খালেদা জিয়ার বাসভবনে সাক্ষাৎ করেন। চেয়াপারসনের মিডিয়া উইয়ং কর্মকর্তা শায়রুল কবীর খান এ খবর নিশ্চিত করেছেন। সাক্ষাতে দেশের রাজনৈতিক সঙ্কট, নির্দলীয় সরকারের দাবিতে বিএনপির চলমান আন্দোলন, বিকল্পধারা ও কৃষক শ্রমিক জনতা লীগের রাজনৈতিক অবস্থান নিয়ে আলোচনা হয়।




