কক্সবাজারের উখিয়ার আশ্রয় শিবিরে ‘আধিপত্য বিস্তারকে’কে কেন্দ্র করে দুষ্কৃতিকারিদের গুলিতে রোহিঙ্গা কমিউনিটি নেতা (মাঝি) নিহত হয়েছেন। শনিবার ১৭ জুন রাত সাড়ে ৯ টায় উখিয়া উপজেলার কুতুপালং ২-ইস্ট নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের ৯-ডি ব্লকে এ ঘটনা ঘটেছে। নিহত নুর হোসেন ওরফে ভুট্টো (৪২) ওই রোহিঙ্গা আশ্রয় শিবিরের আব্দু শুক্কুরের ছেলে। তিনি ওই আশ্রয় শিবিরের ৯-ডি ব্লকের উপ-কমিউনিটি নেতা (সাব-মাঝি ) ছিলেন।
উখিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম স্থানীয়দের বরাতে দিয়ে বলেন, শনিবার রাতে উখিয়ার কুতুপালং ২-ইস্ট নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের ৯-ডি ব্লকে নিজের বসত ঘরের সামনে স্থানীয়দের সাথে আড্ডা দিচ্ছিলেন। এক পর্যায়ে ১০-১২ জন মুখোশধারী দূর্বৃত্ত তাকে লক্ষ্য করে উপর্যুপরি কয়েকটি গুলি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে দুষ্কৃতিকারিরা পালিয়ে যায়।




