শনিবার সকাল নিষ্পাপ অটিজম ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন উপলক্ষে আলোকিত মা সম্মাননা প্রদান ও বিশেষ শিশু সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একসময় অটিজম একটি অবহেলিত জনস্বাস্থ্য ইস্যু ছিল। এ সম্পর্কে সমাজে নেতিবাচক ধারণা ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অটিজম বিশেষজ্ঞ ও স্কুল সাইকোলজিস্ট সায়মা ওয়াজেদ পুতুলের নিরলস প্রচেষ্টায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অটিজম বিষয়ে সচেতনতা সৃষ্টি হয়েছে। তিনি ২০০৭ সালে এ বিষয়ে দেশে কাজ শুরু করেন। তিনি এই অবহেলিত জনস্বাস্থ্য ইস্যুতে তার বিরাট অবদানের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বীকৃতি পেয়েছেন।সরকার ইতোমধ্যে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা আইন ও সুরক্ষা ট্রাস্ট আইন ২০১৩ প্রণয়ন করে তা বাস্তবায়ন করছে।অটিজমসহ সব প্রতিবন্ধী ব্যক্তিকে কাউন্সেলিং ও সেবার মাধ্যমে সুস্থ করে তুলতে পারলে দেশের কল্যাণে তারা এগিয়ে আসতে পারেন। প্রতিবন্ধীদের কোনো অবস্থাতেই অবহেলা করার সুযোগ নেই।
তিনি আরও বলেন, উপযুক্ত প্রশিক্ষণ পেলে অটিস্টিক শিশুরাও সমাজের মূলধারায় ফিরে আসতে পারবে। অটিজম নিয়ে সচেতনতা সৃষ্টিতে বর্তমান সরকার কাজ করছে।
তিনি সমাজের বিত্তশালীদের অটিস্টিক শিশুদের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। সবাইকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মানে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সংগঠনের সভাপতি অধ্যাপক ডা: বাসনা মুহুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন ফরিদুল আলম, এম নসিরুল হক, ডা: বিদ্যুৎ বড়ুয়া, ইঞ্জিনিয়র ঝুলন কুমার দাশ প্রমুখ।




