ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
টানা ৬০ ঘণ্টা হরতালের পর পরবর্তী করণীয় নির্ধারণে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যদের বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন চেয়ারপারসনের প্রেস উইং সদস্য সায়রুল কবির খান। জানা গেছে, স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকের পর জোটের শীর্ষ নেতাদের সঙ্গেও বৈঠক করবেন বেগম জিয়া। তবে বৈঠকের সময়সূচি এখনো নির্ধারণ করা হয়নি।
এছাড়া ইউরোপীয় ইউনিয়নের নয় রাষ্ট্রদূত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় গুলশান কার্যালয়ে চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করবেন বলেও জানান সায়রুল কবির।




