সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়গুলশানে অগ্নিকাণ্ড: চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু

গুলশানে অগ্নিকাণ্ড: চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু

রাজধানীর গুলশানে অগ্নিকাণ্ডে শিকদার মেডিকেলে চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু হয়েছে। সোমবার (২০ ফেব্রুয়ারি) ভোরে তার মৃত্যু হয় বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার মো. আ. আহাদ।  মারা যাওয়া ওই ব্যক্তি ভবনটির ১১তলায় বাবুর্চির কাজ করতেন বলে জানা গেছে। তবে এখনও বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।  এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল দুই জনে। এর আগে আগুন লাগার পর ভবন থেকে লাফিয়ে পড়ে নিহত হন আনোয়ার হোসেন (৩০) নামে এক যুবক।

গুলশান-২-এর ১০৪ নং সড়কের একটি বহুতল ভবনে রোববার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অগ্নিকাণ্ড ঘটে। এ সময় ভবন থেকে লাফিয়ে পড়ে বাঁচার চেষ্টা করেন অন্তত চার জন। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে পৌঁছায় ঘটনাস্থলে। শুরু করে আগুন নেভানো ও উদ্ধারকাজ। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চার ঘণ্টার চেষ্টায় পরে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

দগ্ধ হয়ে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছেন তিন জন। তাদের মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ফাহিম সিনহার স্ত্রী শামা রহমানের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। দগ্ধদের চিকিৎসায় গঠন করা হয়েছে ১৮ সদস্যের মেডিকেল বোর্ড। চিকিৎসকরা জানিয়েছেন, অগ্নিকাণ্ডে আহতদের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তিনি।

ভবনটিতে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তবে শটসার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনা তদন্তে কাজ করছে ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবনটি সিলগালা করেছে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। সোমবার সকাল থেকেই সেখানে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। গণমাধ্যম কিংবা সাধারণ মানুষ – কাউকেই প্রবেশ করতে দেয়া হচ্ছে না ভেতরে। এ ঘটনায় ক্ষয়ক্ষতি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ফায়ার সার্ভিস।

আরও পড়ুন

সর্বশেষ