রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদটপবিএনপি পদ্মাসেতুর বিরোধিতা করছে শুধু তা নয়, টিকা নিয়েও করছে মিথ্যাচার :...

বিএনপি পদ্মাসেতুর বিরোধিতা করছে শুধু তা নয়, টিকা নিয়েও করছে মিথ্যাচার : ড. হাছান মাহমুদ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসের রোগমুক্তি কামনা করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘বিএনপি পদ্মাসেতু নির্মাণের বিরোধিতা করছে শুধু তা নয়, করোনা টিকা নিয়েও মিথ্যাচার করছে। প্রথম, দ্বিতীয় ডোজ শেষ করে দেশের মানুষকে এখন তৃতীয় ডোজ টিকা দেওয়া হচ্ছে। আপনারা (ফখরুল ও আব্বাস) চাইলে বিশেষভাবে চতুর্থ ডোজ টিকা নিতে পারেন।

সোমবার ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ে ‘বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদ সমাবেশে’ এসব কথা বলেন তিনি। সমাবেশর আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।

হাছান মাহমুদ বলেন, ‘নয়াপল্টনে আর জাতীয় প্রেসক্লাবে বিএনপি সমাবেশ করে অশান্তি করতে চায়। আমরা শান্তি সমাবেশ করি সুশৃঙ্খলভাবে। বিএনপি অশান্তি করতে চেয়ে কোনো লাভ হয়নি।

তথ্যমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে সফরে এসে বলেছেন বাংলাদেশে অনেক উন্নয়ন অগ্রগতি হয়েছে। র‌্যাবের ওপরে নিষেধাজ্ঞা ছিল তা এখন নেই। র‌্যাবের কাজে অনেক উন্নতি হয়েছে। এমনকি তারা র‌্যাবকে ট্রেনিং দিতে চায়।

বিএনপির কর্মসূচির কথা উল্লেখ হাছান মাহমুদ বলেন, এর আগেও বিএনপি সমাবেশ করেছে, তাদের সমাবেশে লোক হয়েছে নামমাত্র। নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক দলের জোট বড় হয় আর বিএনপির জোট ছোট হচ্ছে’ বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক।

তিনি বলেন, ‘বিএনপি সমাবেশকে ঘিরে অশান্তি বিশৃঙ্খলা করতে চায় কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা সতর্ক থাকায় অশান্তি করতে পারেনি। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগের নেতৃত্বে অর্থনৈতিক দিক দিয়ে বাংলাদেশ এখন বিশ্বে ৩৫তম দেশ। মালয়েশিয়া ও সিঙ্গাপুরের চেয়ে বাংলাদেশের অর্থনীতির অবস্থা ভালো বলেও উল্লেখ করেন তিনি।

দলের নেতাকর্মীদের উদ্দেশে হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি দেশের মধ্যে যাতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে এজন্য সতর্ক অবস্থানে থাকতে হবে। বিএনপি হচ্ছে বিষধর সাপ। সুযোগ পেলেই তারা ছোবল মারবে’- এমন মন্তব্যও করেন তিনি।

বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে হাছান মাহমুদ বলেন, ‘আগামী নির্বাচনে শেখ হাসিনাকে ভোটের মাধ্যমে আবারও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হবে। বিএনপি নির্বাচন বানচাল করতে চায়, কিন্তু এতে লাভ হবে না। ২০০৮ সাল এবং ২০১৮ সালের নির্বাচন হাতেগোনা কয়েকটি সিট পেয়েছে। তাই নির্বাচনে আসতে ভয় পায় বিএনপি। নির্বাচন বানচালের ষড়যন্ত্র’ বন্ধ করে আগামী নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানান আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি প্রমুখ। সঞ্চালনা করেন মো. হুমায়ুন কবির। সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফি।

আরও পড়ুন

সর্বশেষ