বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনবঙ্গবন্ধুর অনুপস্থিতিতে জাতিকে নেতৃত্ব দিয়েছেন জাতীয় চার নেতা: নাছির

বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে জাতিকে নেতৃত্ব দিয়েছেন জাতীয় চার নেতা: নাছির

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, সকল সংকীর্ণতা পরিহার করে আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করি তাদের ঐক্যবদ্ধ শক্তিই আমাদেরকে সামনের পথ দেখাবে।  এই দৃঢ় প্রত্যয়ে বলীয়ান হয়ে তৃণমূল স্তর থেকেই দলীয় আদর্শে যারা বিশ্বাসী এবং সংকীর্ণতার ঊর্ধ্বে আছেন তাদেরকে নিয়েই দলকে সংগঠিত করতে হবে। তাহলেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে সরকার প্রতিষ্ঠায় আমাদের দৃঢ় অঙ্গীকার রক্ষা করা যাবে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে নগরের থিয়েটার ইনস্টিটিউটে জেল হত্যা দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জাতীয় চার নেতা বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন। তাঁদের যথার্থভাবে স্মরণ করার মাধ্যমে আমরা আমাদের অস্তিত্বের শিকড় খুঁজে পাবো। এই দিনটি প্রতিদিন আমাদের অন্তরে থাকবে। কারণ তাঁরাই বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে জাতিকে নেতৃত্ব দিয়েছেন এবং স্বাধীনতা ছিনিয়ে এনেছেন।

তিনি আরও বলেন, আমরা ব্যর্থ হয়েছি। বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার ভূমিকা, মূল্যায়ন এবং অবদানকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে। যদি তা পারতাম তাহলে আজ জিয়াউর রহমানের মতো একজন কুখ্যাত স্বাধীনতাবিরোধীকে সামনে রেখে বিএনপি-জামায়াত যেভাবে স্বাধীনতাবিরোধী অপকর্ম চালিয়ে যাচ্ছে, তা প্রতিহত করতে পারতাম। এই সত্যটি আমাদের উপলব্ধি করতে হবে। বৈশ্বিক অর্থনৈতিক মন্দার সুযোগে এবং সম্প্রতি রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যে মুদ্রাস্ফীতি হচ্ছে তাতে আমরাও সংকটে আছি। এই সংকট কেনো হলো, কি কারণে হচ্ছে তা জনগণকে বুঝাতে হবে। এই সংকট কাটিয়ে উঠতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে প্রচেষ্টাগুলো চালিয়ে যাচ্ছেন তার বার্তা জনগণের কাছে পৌঁছাতে হবে।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেন, ১৫ আগস্ট ও ৩রা নভেম্বর জেল হত্যা দিবস এবং ২১শে আগস্ট শেখ হাসিনাকে হত্যার অপচেষ্টাকারীরা একই সূত্রে বাঁধা। এরা এখনো সক্রিয়। এদের আমরা নির্মূল করতে পারি নাই বলেই আমরা কেউ নিরাপদ নই। এদের নির্মূল করতে পারলেই আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব এবং শান্তি ও সাম্য নিশ্চিত হবে। আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, শত্রুরা চারিদিকে বাংলাদেশকে ঘিরে ফেলতে চায়। এরা যাদের পৃষ্ঠপোষকতা পাচ্ছে তাদের মধ্যে যারা আছেন তাদেরকে আমরা চিহ্নিত করেছি। তাদের বিরুদ্ধে লড়াইয়ের শুভ সূচনা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামে ৪ ডিসেম্বর পলোগ্রাউন্ড ময়দানে যে নির্দেশনা দেবেন তা অনুসরণ করেই আরেকটি মুক্তিযুদ্ধের বিজয় অর্জন করতে হবে।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি নঈম উদ্দিন, চৌধুরী, অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান ও সম্পাদকমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী প্রমুখ। সভার শুরুতে জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ