চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দীন বাজার এলাকা থেকে ডাকাতির প্রস্তুতির সময় ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৯টি ছোরা, একটি কাটার, একটি হাতুড়ি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তাররা হল- জানে আলম সোহাগ (৪২), রতন দত্ত (৪২), মোহাম্মদ রনি (৩২), মো. ইকবাল হোসেন (৩৫), মো. দেলোয়ার হোসেন (২৮), মো. সোহেল (২৩), মো. বাদশা (২৫), কাওছার (২০) ও মিনহাজ উদ্দিন নয়ন (২০)। সোমবার (১৮ জুলাই) রাত ১১টায় ৭ নম্বর বাস কাউন্টার এলাকার ফুট ওভারব্রিজের নিচ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রিয়াজউদ্দীন বাজার এলাকা থেকে ছোরা, কাটার, হাতুড়িসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়। তারা ডাকাতির উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিল। গ্রেপ্তার সোহাগের বিরুদ্ধে সাতটি ডাকাতি ও অস্ত্র আইনে মামলা, রতন দত্তের বিরুদ্ধে একটি, দেলোয়ার হোসেনের বিরুদ্ধে দুটি, সোহেলের বিরুদ্ধে তিনটি, কাওছারের বিরুদ্ধে চারটি ও মিনহাজ নয়নের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।




