ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে নিজ দেশের মিশনে দায়িত্ব নিতে যাচ্ছেন। আর ঢাকায় ভারতীয় হাইকমিশনার হিসাবে আসছেন পেশাদার কূটনীতিক সুধাকর দালেলা। খবর হিন্দুস্তান টাইমসের।
শনিবার হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালের ৫ অক্টোবর ঢাকায় ভারতীয় হাইকমিশনার হিসাবে দোরাইস্বামী যোগ দেন। তিনি রীভা গাঙ্গুলি দাশের স্থলাভিষিক্ত হন। এখন লন্ডনে গায়ত্রী ইশার কুমারের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন তিনি। পেশাদার কূটনীতিক দোরাইস্বামী বাংলাদেশে আসার আগে দক্ষিণ কোরিয়া ও উজবেকিস্তানে ভারতের রাষ্ট্রদূত ছিলেন। দিল্লি ইউনিভার্সিটির ইতিহাসের ছাত্র দোরাইস্বামী ১৯৯২ সালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেওয়ার আগে কিছু দিন সাংবাদিকতাও করেছেন। দোরাইস্বামীর জায়গায় সুধাকরের আসার ইঙ্গিত দিয়েছে হিন্দুস্তান টাইমস। বর্তমানে যুক্তরাষ্ট্রে ভারতীয় মিশনের ডেপুটি হিসাবে সুধাকর দায়িত্ব পালন করছেন। ইসরাইল, ব্রাজিল, সুইজারল্যান্ড, ওয়াশিংটনে ভারতীয় মিশনে তিনি কাজ করেছেন। একসময় ঢাকায় ভারতীয় হাইকমিশনেও তিনি কাজ করেছেন। ১৯৯৩ সালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি যোগ দেন। বর্তমানে যুক্তরাষ্ট্রে ভারতীয় মিশনের উপপ্রধানের দায়িত্ব পালন করছেন। ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসে রাজনীতিবিষয়ক মিনিস্টারের পদে তিনি ছিলেন। দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালকের দায়িত্বও তিনি সামলে এসেছেন। তখন তার দায়িত্ব ছিল দক্ষিণ এশিয়া, চীন, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোতে ভারতের স্বার্থ দেখা। বিশ্ববাণিজ্য সংস্থায় ভারতের স্থায়ী প্রতিনিধি হিসাবে সুধাকর দায়িত্ব পালন করেছেন। তড়িৎকৌশলে স্নাতক ডিগ্রিধারী সুধাকর এক মেয়ে ও এক ছেলের জনক।




