সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য ও শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাসিবুর রহমান স্বপন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। আজ বৃহস্পতিবার ভোরে তুরস্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোররাত ৩টার দিকে মারা যান তিনি। জাতীয় সংসদ সচিবালয় সূত্র এবং শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। আগামীকাল ভোরে তার মরদেহ দেশে পৌঁছাবে। এরপর শাহজাদপুরে নিজ নির্বাচনী এলাকায় জানাযা শেষে দাফন সম্পন্ন হবে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তুরস্কের একটি হাসপাতালে কিডনি ট্রান্সপ্লান্ট করে সুস্থ হয়ে দেশে ফেরেন হাসিবুর রহমান স্বপন। কিন্তু, গত ২৫ জুলাই করোনায় আক্রান্ত হওয়ার পাশাপাশি আবারও কিডনি জটিলতা দেখা যায় তার। চিকিৎসার জন্য গত ২৯ আগস্ট পুনরায় তুরস্কে যান তিনি।
হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে শোক জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না ।




