চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)
প্রতিবেশির বিয়েতে যাবার পথে বরযাত্রীবাহী বাস উল্টে করুণভাবে প্রাণ হারিয়েছেন পূজন ভট্টাচার্য (২৮) নামে এক তরুণ আইনজীবী। বুধবার রাতে একই ঘটনায় আরও কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। পূজনের প্রতিবেশি ঝন্টু দাশ জানান, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় থেকে এলএলবিতে স্নাতক পূজন চট্টগ্রাম আদালতে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে একজন জ্যেষ্ঠ্য আইনজীবীর অধীনে কাজ করতেন।
পাশাপাশি তিনি একই বিশ্ববিদ্যালয়ে এলএলবিতে মাস্টার্স করছিলেন। এছাড়া আইনজীবী হিসেবে বার কাউন্সিলের সনদ প্রাপ্তির জন্য তিনি পরীক্ষাও দিয়েছিলেন। পূজন চট্টগ্রাম আদালতের প্রাক্তন বর্ষীয়ান আইনজীবী মুক্তিযোদ্ধা প্রয়াত অ্যাডভোকেট প্রদীপ ভট্টাচার্যের ছেলে।
জানা গেছে, বাঁশখালীর পূর্ব চেচুরিয়া গ্রামের জনৈক সন্তোষ দাশের ছেলে সুমন দাশের বিয়ের অনুষ্ঠান ছিল নগরীর মোমিন রোডের প্রিয়া কমিউনিটি সেন্টারে। ওই গ্রাম থেকে বাসে করে বরযাত্রী নগরীতে যাবার পথে বাসটি পুকুরিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে উল্টে যায়।
বাঁশখালী থানার ওসি আব্দুস সালাম জানান, দুর্ঘটনায় কমপক্ষে ১০-১২ জন আহত হন। এদের মধ্যে পূজন ও মিঠু কান্তি দে নামে দু’জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক বাশার জানান, গুরুতর আহত অবস্থায় পূজনকে হাসপাতালে নেয়ার পর রাত ১০ টা ৫০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত মিঠুর অবস্থা আশংকামুক্ত বলে তিনি জানান।
ঝন্টু দাশ জানান, পূজনের বাসা নগরীর পাথরঘাটা এলাকায়। মাকে নিয়ে পূজন দুর্গাপূজায় গ্রামের বাড়ি চেচুরিয়ায় বেড়াতে গিয়েছিল। সেখান থেকে বুধবার সকালে তার মা নগরীতে ফিরে আসেন।
পূজন প্রতিবেশি সুমনের বিয়েতে সবাই একসঙ্গে আনন্দ করে যাবার জন্য গ্রামে থেকে যায়। তবে আনন্দ করে বিয়েতে যোগ দেয়া আর হয়নি পূজনের। তার আগেই লাশ হয়ে গেছে পূজন। পূজন বাবা-মায়ের একমাত্র ছেলে। তার একজন বড় বোন আছে।
প্রগতিশীল রাজনৈতিক কর্মকান্ডের সঙ্গে জড়িত পূজন ভট্টাচার্য চট্টগ্রামের গণজাগরণ মঞ্চের সক্রিয় কর্মী ছিলেন। তার মৃত্যুতে গণজাগরণ মঞ্চের সদস্য সচিব ডা.চন্দন দাশ, সমন্বয়কারী শরীফ চৌহান গভীর শোক প্রকাশ করেছেন।




