চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)
নগরীর বাকলিয়া থানায় বুধবার সন্ধ্যায় একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দু’লক্ষ টাকার ক্ষতি হয়েছে। চন্দনপুরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. মাহফুজ জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাকলিয়ার সৈয়দ শাহ রোডে সরওয়ার জাহান নামে এক ব্যক্তির বাড়িতে আগুন লাগে। ছয়তলা ভবনের ছয় তলার একটি কক্ষে আগুন লাগলে মুহূর্তেই তা পাশের আরও তিনটি কক্ষে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি জানান, এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে ঘরের প্রায় দু’লক্ষ টাকার জিনিসপত্র পুড়ে গেছে।




