ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)
যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে আজ বুধবার সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। হযরত ইব্রাহিম (আ.)-এর আত্মত্যাগ ও অনুপম আদর্শের প্রতীকী নিদর্শন হিসেবে কোরবানির প্রচলন। আল্লাহ রাব্বুল আলামীনের নির্দেশে হযরত ইব্রাহিম (আ.) তার প্রাণপ্রিয় পুত্র হযরত ইসমাইল (আ.)-কে কোরবানি করতে উদ্যত হয়েছিলেন। এই অনন্য ঘটনার স্মরণে কোরবানি প্রচলিত হয়।
মহান আল্লাহ পাকের প্রতি আনুগত্য এবং তারই রাহে সর্বোচ্চ আত্মত্যাগের এক ঐতিহাসিক ঘটনার স্মরণে মুসলিম বিশ্বে ঈদুল আজহা উদযাপিত হয়ে আসছে। রাজধানী ঢাকায় তিন শতাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। ত্যাগের মহিমা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে রাজধানী ঢাকার মুসলিম সম্প্রদায় ঈদের নামাজ আদায় ও পশু কোরবানীর মাধ্যমে তাদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপন করছে।




