ঢাকার আজিমপুর সরকারি কলোনির ভেতরে (জোন-এ) সরকারি কর্মকর্তাদের জন্য ফ্ল্যাট নির্মাণের প্রস্তাবসহ ৪টি ক্রয় প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে মোট ব্যয় ধরা হয়েছে ৩৩৯ কোটি ২৮ লাখ ৫৬ হাজার ৩৫১ টাকা।
বৈঠক শেষে অর্থমন্ত্রী ভার্চ্যুয়াল ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, আজকের বৈঠকে ৪টি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত ৪টি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ ৩৩৯ কোটি ২৮ লাখ ৫৬ হাজার ৩৫১ টাকা।
মোট অর্থায়নের মধ্যে জিওবি থেকে ব্যয় হবে ১৬০ কোটি ২৯ লাখ ৫৯ হাজার ৮৫২ টাকা এবং এডিবি ও দেশীয় ব্যাংক থেকে ঋণের পরিমাণ ১৭৮ কোটি ৯৮ লাখ ৯৬ হাজার ৪৯৯ টাকা।
অর্থমন্ত্রী বলেন, সরকারি কর্মকর্তাদের জন্য আজিমপুরে বহুতল বিশিষ্ট আবাসিক ভবনের একটি ক্রয় প্রস্তাব উপস্থাপন করা হয়।
বৈঠকে অনুমোদিত অন্যান্য প্রস্তাবগুলো হলো: বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) এর কাফকো থেকে ৩০ হাজার টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার ৬৪ কোটি ৭৩ লাখ ১৯ হাজার টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।
শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনকে (বিসিআইসি) সৌদি বেসিক ইন্ডাস্ট্রি কর্পোরেশন থেকে ২৫ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার ৫৬ কোটি ৯৬ লাখ ৯৫ হাজার ৯৩৭ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।
এছাড়া বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনকে (বিসিআইসি) সংযুক্ত আরব আমিরাতের ফার্টিগ্লোব থেকে ২৫ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানি করা হবে। এতে ব্যয় ধরা হয়েছে ৫৭ কোটি ২৮ লাখ ৮১ হাজার ৫৬২ টাকা।




