ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)
হেফাজত নেতা মুফতি ইজহারের লালখান বাজার মাদরাসায় বোমা তৈরির সময় বিস্ফোরণে আহত পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র নূরুন্নবী (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
রোববার বিকেল ৫টা ৩৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) মারা যান তিনি। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করে ঢামেকের বার্ন ইউনিটের প্রকল্প পরিচালক ড. সামন্ত লাল সেন জানিয়েছেন, বিস্ফোরণে নূরুন্নবীর শরীরের ৯০ ভাগ পুড়ে যায়।
উল্লেখ্য, গত সোমবার বেলা ১১টার দিকে চট্টগ্রামের লালখান বাজারে হেফাজতে ইসলামের নায়েবে আমির মুফতি ইজহারুল ইসলাম পরিচালিত জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার ছাত্রাবাসের একটি কক্ষে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় পাঁচজন আহত হন। এদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতেই মাদরাসা ছাত্র হাবিবের (২৫) মৃত্যু হয়।
প্রাথমিকভাবে চমেকে চিকিৎসা দেওয়া হলেও পরবর্তী সময়ে নূরুন্নবীকে ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি হলে শনিবার দুপুরের দিকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় তাকে। শেষ পর্যন্ত রোববার বিকেলে মৃত্যু হয় নূরুন্নবীর।




