বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সহযোগিতা, প্রস্তুতি ও করণীয় বিষয়ে আন্ত:দেশীয় রেড ক্রস ও রেড ক্রিসেন্ট মুভমেন্ট পার্টনারদের সাথে অনলাইন কনফারেন্স (স্কাইপ কনফারেন্স ) করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। অনলাইন কনফারেন্সে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উচ্চ পর্যাযের প্রতিনিধিবৃন্দ ছাড়াও ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস এন্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (IFRC), ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস (ICRC), ব্রিটিশ রেড ক্রস, আমেরিকান রেড ক্রস, সুইস রেড ক্রস, সুইডিশ রেড ক্রস, ডেনিস রেড ক্রস, জার্মান রেড ক্রস, কাতার রেড ক্রিসেন্ট ও টার্কিস রেড ক্রিসেন্টের বাংলাদেশস্থ প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।
আজ মঙ্গলবার বেলা ১১ টায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে জাতীয় সদর দপ্তরে অনুষ্ঠিত অনলাইন কনফারেন্সে বাংলাদেশে করোনাভাইরাস প্রাদুর্ভাবের বর্তমান চিত্র তুলে ধরেন সোসাইটির মহাসচিব মো: ফিরোজ সালাহ্ উদ্দিন এবং আইএফআরসির বাংলাদেশস্থ প্রধান আজমত উল্লা। করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চলমান কার্যক্রম বিষয়ে ব্রিফিং করেন সোসাইটির উপ মহাসচিব মো: রফিকুল ইসলাম ও দুর্যোগে সাড়াদান বিভাগের পরিচালক মো: মিজানুর রহমান।
রেড ক্রিসেন্ট সোসাইটি জানায়, অনলাইন কনফারেন্সে কোভিড ১৯ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রস্তুতি ও সাড়াদান বিষয়ে হালনাগাদ অগ্রগ্রতি, ভবিষ্যৎ পরিকল্পনা ও পার্টনারদের সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে। পার্টনাররা করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গৃহিত বর্তমান ও ভবিষ্যৎ কার্যক্রম পরিচালনায় সবধরণের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মো: ফিরোজ সালাহ্ উদ্দিন বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি করোনাভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে। এই দু:সময়ে সোসাইটির স্বেচ্ছাসেবক ও কর্মকর্ত-কর্মচারীবৃন্দ জীবনবাজি রেখে দেশের জনগণের পাশে দাঁড়িয়েছে এবং আমাদের মুভমেন্ট পার্টনাররা সহযোগিতার হাত বাড়িয়েছেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সকলের এই সহযোগিতার কথা কৃতজ্ঞচিত্রে মনে রাখবে। তিনি সকলে মিলে করোনাভাইরাস মুক্ত বাংলাদেশ তথা বিশ্ব গড়ার আহবান জানান।




