করোনাভাইরাসে উদ্ভুত পরিস্থিতিতে নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। ত্রাণ সংক্রান্ত সকল বিষয়ে এই নিয়ন্ত্রণ কক্ষের হটলাইন ২৪ ঘন্টা চালু থাকবে। ৩ এপ্রিল এ নিয়ন্ত্রণ চালু করা হয়। চট্টগ্রাম জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ কক্ষের নম্বর হল ০৩১৬১১৫৪৫, ০১৮২১৬৪০৯৫৩।
চট্টগ্রাম জেলা প্রশাসক মো. ইলিয়াছ হোসেন বলেন, ‘করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত সাধারণ ছুটি চলছে। এতে বিশাল জনগোষ্ঠী কর্মহীন হয়ে পড়েছে। আমরা শুরুতেই নগর এবং জেলা মিলে প্রায় ১৭ হাজার পরিবারের মধ্যে ত্রাণ সহায়তা দিয়েছি। সরকার ছুটি বাড়িয়েছে। সামনের পরিস্থিতি সুষ্ঠুভাবে মোকাবিলা করতে আমরা নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছি।
তিনি আরো জানান, মধ্যবিত্ত শ্রেণীর মানুষ যারা প্রকাশ্যে ত্রাণ সহায়তা নিতে ইতস্তত বোধ করবেন, তাদের কেউ যদি ত্রাণ সহায়তা নিতে আগ্রহী হন আমরা তাদের বাসায় ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো।




