সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, প্যারেড স্কয়ারের প্রোগ্রামে আমাদের দেশি-বিদেশি অনেক অতিথি আসার কথা ছিল। সেভাবেই আমরা পরিকল্পনা গ্রহণ করেছিলাম। আমাদের বন্ধু রাষ্ট্র থেকে অতিথি আসার কথা। আমরা যেহেতু বর্তমান সময়ের কারণে এটি করছি না অনেক অতিথি সেখানে অংশগ্রহণ করবেন না।
জাতীয় প্যারেড গ্রাউন্ডে জন্মশতবার্ষিকীর মূল অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ব্যক্তি ও কর্মজীবন নিয়ে হলোগ্রাফিক উপস্থাপনা ও থিম সং পরিবেশনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আতশবাজি এবং শত শিশুর কণ্ঠে গানসহ বর্ণাঢ্য আয়োজন ছিল। এতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ বিভিন্ন দেশ থেকে আসা অতিথিদের উপস্থিত থাকার কথা ছিল। এছাড়া অনুষ্ঠানে দেড় লাখ জনসমাগমের পরিকল্পনা নেওয়া হয়েছিল আয়োজকদের পক্ষ থেকে।
বিদেশি অতিথিদের আসা-না আসার বিষয়ে কামাল আবদুল নাসের বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান চলতি বছরের ১৭ মার্চ থেকে শুরু হয়ে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত চলবে। ফলে বিদেশি অতিথিদের উপস্থিতিতে যেসব অনুষ্ঠান হওয়ার কথা ছিল, সেগুলো পরে অনুষ্ঠিত হতে পারে। বড় আকারের জনসমাবেশ পরিহার করে জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানগুলো চলবে। আমরা আমাদের জাতির পিতার প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করব। বছরজুড়ে মুজিব বর্ষের অনুষ্ঠান চলবে। এ বিষয়ে বিস্তারিত ০৯ মার্চ জানানো হবে।




