শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদখেলার সময়নিউজিল্যান্ড দল চট্টগ্রামে

নিউজিল্যান্ড দল চট্টগ্রামে

স্পোর্টস ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)

তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলতে নিউজিল্যান্ড ও বিসিবি একাদশ এখন চট্টগ্রামে। বৃহস্পতিবার দুটি দলই চট্টগ্রাম পৌঁছেছে। উঠেছে হোটেল আগ্রাবাদ-এ।  শুক্রবার চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে এ ম্যাচ হওয়ার কথা। একটি  প্রস্তুতি ম্যাচ ছাড়াও ৯ অক্টোবর থেকে চট্টগ্রাম জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে দুই টেস্টের প্রথমটি।

এদিকে প্রস্তুতি ম্যাচের মধ্য দিয়ে ক্রিকেট ফিরে আসছে এমএ আজিজ স্টেডিয়ামে। আট বছর পর আবার কোনো আন্তর্জাতিক দল খেলতে নামছে বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের ভেন্যু এই স্টেডিয়ামে।

প্রস্তুতি ম্যাচ সম্পর্কে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস) সাধারণ সম্পাদক আজম নাছির উদ্দিন বলেন, বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের ঐতিহাসিক সাক্ষী এম এ আজিজে আবার ক্রিকেট ফিরে আসছে। এটা আমাদের জন্য মর্যাদার ব্যাপার।

টেস্ট ম্যাচের জন্য জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম প্রস্তুত মন্তব্য করে তিনি বলেন, নিরাপত্তা ব্যবস্থাসহ টেস্ট ম্যাচের আনুষঙ্গিক সব আয়োজন শেষ করা হয়েছে। আসন্ন ঈদ, দুর্গা পুজা ও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিরাপত্তা নিশ্চিত করতে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনা করেছি।

আজম নাছির বলেন, জহুর আহম্মদ চৌধুরী স্টেডিয়াম সংলগ্ন সাগরিকা গরু বাজারের ইজারাদার, পুলিশ প্রশাসন ও সিটি কর্পোরেশনের সঙ্গে আলোচনা হয়েছে। কোরবানির ঈদের আগে অনুষ্ঠেয় টেস্ট ম্যাচ চলাকালে মাঠে যাতায়াত নির্বিঘ্নে করতেও ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

প্রস্তুতি ম্যাচের টিকিট বিক্রি হবে এম এ আজিজ স্টেডিয়ামে। এ ম্যাচের জন্য সাধারণ গ্যালারির টিকিট ৩০ টাকা ও প্যাভিলিয়নের টিকিটের মূল্য পাঁচশ টাকা নির্ধারণ করা হয়েছে। আর টেস্ট ম্যাচ চলাকালে জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামের নিরাপত্তা কেন্দ্র থেকে টিকিট বিক্রি হবে।  বাংলাদেশ সফরে নিউজিল্যান্ড দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।

আরও পড়ুন

সর্বশেষ