দলের যেসব নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে তা প্রমাণ হলে দল থেকে বহিষ্কার করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ২৮ অক্টোবর দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক ইস্যুতে আলাপকালে তিনি এ কথা বলেন। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কয়েকজন সংসদ সদস্যের সম্পদের হিসাব তলব করেছে, এ বিষয়ে দলীয়ভাবে কোন ব্যবস্থা নেয়া হবে কিনা-এমন প্রশ্নের জাবাবে তিনি বলেন, ‘দলীয়ভাবে ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে যখন কারো বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে এবং দণ্ড হবে, তখন তাকে দল থেকে বহিষ্কার করব। অভিযোগ প্রমাণ না হলে শাস্তি কিভাবে দেব?
এমপিদের বিরুদ্ধে অভিযোগের ফলে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমি মনে করি না ভাবমূর্তি নষ্ট হচ্ছে। দলীয় নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ায় সরকারের সৎ সাহস প্রমাণ হচ্ছে। সরকার অপরাধীদের শাস্তি দিচ্ছে সেটি বড় বিষয়। আমি মনে করি সরকার ও দলের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। লোকমানের বিষয়ে অভিযোগ আসলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়নি, এ বিষয় ওবায়দুল কাদের বলেন, ‘লোকমানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। কোন অপরাধীকে বিসিবির দায়িত্বে রাখা উচিত নয়। আমি বিসিবি চেয়ারম্যানের সঙ্গে কথা বলব। তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হয়েছে জানতে চাইব।
আওয়ামী লীগের সম্মেলন বিষয়ে তিনি বলেন, আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগের সম্মেলনের তারিখ নির্ধারিত আছে। যুবলীগের সম্মেলনের প্রস্তুতি কমিটি তদারক করবে। আমরা দলের পক্ষ থেকে মনিটর করব। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, ‘সোহরাওয়ার্দী উদ্যানে চারটি সহযোগী সংগঠনের সম্মেলন একই মঞ্চে হবে। ইতোমধ্যে প্রস্তুতি শুরু হয়ে গেছে। তারা নিজেরাও পোস্টারের ডিজাইন করে অর্ডার দিয়েছে। প্রধানমন্ত্রী সম্মেলনগুলোতে প্রধান অতিথি থাকবেন। আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলকে সামনে রেখে জেলা সম্মেলন করে যাচ্ছি। ফেনীতে সবার ভোটে সভাপতি ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিজাম হাজারি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। খালেদার সঙ্গে গণফোরাম নেতাদের সাক্ষাতের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী পারমিশন (অনুমতি) দিলে কোন বাধা থাকবে না বলেও জানান তিনি।




