ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
ভবিষ্যতে আর কেউ বাংলাদেশের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে পারবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতাযুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অবদান রাখা বিদেশী বন্ধুদের সপ্তম পর্বের সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। মঙ্গলবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সম্মাননার আসর বসে।
প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের সময় যারা আমাদের মা বোন, বুদ্ধিজীবীদের হত্যা করেছিল, বঙ্গবন্ধুকে হত্যার পরে তারাই ক্ষমতায় এসেছিল। তারা ক্ষমতায় ছিল ২১ বছর। মানুষকে এ জন্য অনেক যন্ত্রণার শিকার হতে হয়েছে। শেখ হাসিনা বলেন, ১৯৯৬ সালে ক্ষমতায় এসে আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে আবার উজ্জীবিত করি। আমাদের ভোট দিয়ে ক্ষমতায় এনে এ সুযোগ দেওয়ার জন্য দেশের জনগণকে ধন্যবাদ জানাই।
তিনি বলেন, ২১ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় এসে মুক্তিযুদ্ধের চেতনা ফিরিয়ে আনতে কাজ করেছে। তার পরও ষড়যন্ত্রের শেষ ছিল না। যুদ্ধাপরাধীদের হাতে চলে যায় জাতির রক্তরঞ্জিত পতাকা। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের ভাগ্য নিয়ে আর কেউ ছিনিমিনি খেলতে পরবে না। এই দেশ স্বাধীন দেশ। ২০২১ সালের মধ্যে আমারা দেশকে ক্ষুধা, দারিদ্র্যমুক্ত করে সোনার বাংলা হিসেবে গড়ে তুলব। তিনি বলেন, বিশ্বমন্দায়ও আমরা বাংলাদেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে সক্ষম হয়েছি।
যুদ্ধের সময় যারা নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়েছিলেন, তাদের কৃতজ্ঞতা জানাতে সম্মাননার ব্যবস্থা করা হয়েছে জানিয়ে আওয়ামী লীগের সভাপতি বলেন, বিদেশি অকৃত্রিম বন্ধুদের সম্মাননা দিয়ে আমার নিজেদের সম্মানিত করেছি। অনুষ্ঠানে ৫৯ জন বিদেশি বন্ধুর হাতে সম্মাননা তুলে দেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া একটি প্রতিষ্ঠানকেও সম্মাননা দেয়া হয়।




