চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)
আগামীকাল বুধবার চট্টগ্রাম মহানগরে (উত্তর ও দক্ষিণ) সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে স্থানীয় বিএনপি। মানবতাবিরোধী অপরাধের মামলায় দলের স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির আদেশের প্রতিবাদে চট্টগ্রাম মহানগর বিএনপি এই হরতাল ডাকে। আজ মঙ্গলবার দুপুরে নগরের নসিমন ভবনের দলীয় কার্যালয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন হরতালের ঘোষণা দেন। শাহাদাত হোসেন জানান, সাকার রায় রাজনৈতিক ষড়যন্ত্র ও প্রহসনমূলক।
চট্টগ্রাম নগরের কর্নেলহাটে একটি বাস লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে চার-পাঁচজন যুবক। তবে স্থানীয় লোকজন ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। আজ মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।
আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক জানান, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর রায়কে কেন্দ্র করে যুবকেরা নাশকতার উদ্দেশে এই ঢিল ছুড়েছে। তারা পালিয়ে যাওয়ার সময় একটি ব্যাগ ফেলে যায়। ব্যাগে পাথরের টুকরো ও পেট্রল পাওয়া গেছে।




