শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়রায় পড়া শুরু, এজলাসে সাকা চৌধুরী

রায় পড়া শুরু, এজলাসে সাকা চৌধুরী

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য সালাউদ্দিন কাদের সাকা চৌধুরীর বিরুদ্ধে রায় ঘোষণা করতে শুরু করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

মঙ্গলবার সকাল দশটা ৪৩ মিনিটে সূচনা বক্তব্য দেন চেয়ারম্যান বিচারপতি একেএম ফজলে কবীর। তার এক মিনিটের বক্তব্য শেষ হলে মোট ১৭২ পৃষ্ঠার রায়ের সংক্ষিপ্ত অংশ পড়া শুরু হয়। রায়ের প্রথম অংশ পড়ছেন ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি আনোয়ারুল হক। দ্বিতীয় অংশ পড়বেন বিচারপতি জাহাঙ্গীর হোসেন। সবশেষে মূল রায় ঘোষণা করবেন চেয়ারম্যান বিচারপতি একেএম ফজলে কবীর।
এর আগে সকাল দশটা ২৫ মিনিটের দিকে একে একে ট্রাইব্যুনালে এসে পৌঁছান ট্রাইব্যুনালের ৩ বিচারপতি। তারা তাদের খাস কামরা থেকে এজলাসকক্ষে আসেন দশটা ৪২ মিনিটে। এরপর রায় ঘোষণা শুরু হয়।

১০টা ৪০ মিনিটে ট্রাইব্যুনালের এজলাসে তোলা হয়েছে সাকা চৌধুরীকে। তার উপস্থিতিতেই  সকাল ১০টা ৪০ মিনিটে ১৭২ পৃষ্ঠার রায় পড়া শুরু হয়। সকাল ১০টার দিকে তাকে ট্রাইব্যুনালে আনা হয়।

এর আগে সোমবার বিকালে সাকা চৌধুরীকে গাজীপুরের কাশিমপুর কারাগার পার্ট-১ থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়। রাতে তাকে এখানে রাখা হয়েছিল।

এদিকে সাকা চৌধুরীর রায়কে কেন্দ্র করে পুরো ট্রাইব্যুনাল এলাকা জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। বিপুল পরিমাণ পুলিশও মোতায়েন করা হয়েছে ট্রাইব্যুনাল এলাকায়। প্রস্তুত আছে সাজোয়া যান। সবাইকে তল্লাশির পর ট্রাইব্যুনাল এলাকায় ঢোকানো হচ্ছে। সালাউদ্দিন কাদের চৌধুরীর রায়কে কেন্দ্র করে তার ছেলে-মেয়েসহ আত্মীয়রা ট্রাইব্যুনালে গিয়েছেন বলে জানা গেছে।

আরও পড়ুন

সর্বশেষ