আদালত প্রতিনিধিঃ (বিডি সময় ২৪ ডটকম)
বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের ওপর স্থিতাবস্থা চেয়ে রবিবার হাইকোর্টে রিট করা হয়েছে। বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে সোমবার রিটের ওপর শুনানি হতে পারে।
স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশনা চেয়ে রিটটি করেছেন সুপ্রিম কোর্টের চারজন আইনজীবী। তারা হলেন-সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট আসাদুজ্জামান সিদ্দিকী, এখলাছ উদ্দিন মিয়া, মাহবুবুল ইসলাম ও সৈয়দা শাহানারা লাইলি।
তাদের পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন। তিনি বলেন, রিট আবেদনটি দাখিল করা হয়েছে। কাল শুনানি হতে পারে।
সংশ্লিষ্ট এলাকায় প্রকল্পটি বাস্তবায়ন করা হলে তা জনজীবনে কী প্রভাব ফেলবে, তা মূল্যায়নে দেশি-বিদেশি পরিবেশবিদদের সমন্বয়ে কেন একটি কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হবে না—এই মর্মে রুল চাওয়া হয়েছে রিটে।রিটে মন্ত্রিপরিষদ সচিব, পরিকল্পনা সচিব, পরিবেশ সচিব, বিদ্যুৎ সচিবসহ ১০জনকে বিবাদি করা হয়েছে।




