বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া রাজনৈতিক বন্দি নন, দুর্নীতির কারণেই কারাগারে রয়েছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। শুক্রবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে ঐতিহাসিক ৭ই জুন উপলক্ষ্যে চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
খালেদা জিয়ার বিরুদ্ধে আওয়ামী লীগ সরকার নয়, সাবেক তত্ত্ববধায়ক সরকারই মামলা দিয়েছিল। সেসব মামলায় সাজা হওয়ায় তিনি কারাগারে আছেন। খালেদা জিয়ার সাজা প্রসঙ্গে হাসান মাহমুদ আরও বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি দিন ধরে যেই মামলার বিচার হয়েছে সেটি হচ্ছে খালেদা জিয়ার মামলা। কর্মদোষে অনেক আগেই বিএনপির নেত্রী খালেদা জিয়ার জেলে যাওয়া প্রয়োজন ছিল।’
খালেদা জিয়া কারাগারে অনেক সুবিধা ভোগ করছেন জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘তিনি কারাগারে যে সুবিধা পাচ্ছেন, পাক-ভারত উপমহাদেশের ইতিহাসে কোনো বন্দি এমন সুযোগ-সুবিধা পাননি।’
বিএনপি পাকিস্তানি ভাবধারায় বিশ্বাসী। তাই দলটি ৭ই মার্চ কিংবা ৬ দফায় বিশ্বাস করে না মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, ‘তারা ছয় দফা দিবস পালন করে না কেন? তারা ৭ই মার্চ পালন করে না কেন? কারণ তারা প্রকৃতপক্ষে পাকিস্তানি ভাবধারায় বিশ্বাস করে। তারা বাংলাদেশের স্বাধীনতা স্বার্বভৌমত্বে আদৌ কতটুকু বিশ্বাস করে সেই প্রশ্নই জাগে।’
বিএনপি’র নেতাদের প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘আজকে বিএনপির যারা বড় বড় নেতা, তারা সবাই রাজনীতির কাক। কারণ মির্জা ফখরুল, মওদুদ আহমেদ, খন্দকার মোশাররফসহ বিএনপির বড় নেতারা সকলেই আগে অন্য দল করতেন। বিএনপিতে কয়েক ধরনের নেতা আছেন, কিছু আছে হঠাৎ বিএনপি, আর কিছু আছে বাই চান্স বিএনপি, কিছু আছে বাই-অ্যাক্সিডেন্টে বিএনপি। এই দলটি গঠিত হয়েছে ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে। রাজনৈতিক সুযোগ সন্ধানী, ক্ষমতালোভীদের সমন্বয়ে এই রাজনৈতিক দলটি গঠিত হয়েছে। এই দলের বেশির ভাগ নেতা রাজনীতির মাঠের কাক।
এ সময় বিএনপির রাজনীতি বেগম জিয়ার হাঁটুর ব্যথ্যা, কোমর ব্যথায় আটকে আছে বলেও মন্তব্য করেন ড. হাছান মাহমুদ।




