বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একতরফা নির্বাচনে আওয়ামী লীগকে জেতানোর পুরস্কার হিসেবে নির্বাচন কমিশন (ইসি) সচিবকে বদলি করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে। মঙ্গলবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী।
বিগত জাতীয় নির্বাচনে ইসি ও ইসি সচিবের ভূমিকার সমালোচনা করে রিজভী বলেন, মিডনাইট ভোট ডাকাতির অন্যতম কারিগর নির্বাচন কমিশনের সচিব, কয়েক দিন আগে সেখান থেকে বদলি হয়েছেন আরেকটি বড় দপ্তরে। তাঁকে পুরস্কৃত করেছে মিডনাইট সরকার। তাঁকে (নতুন) পদায়ন করে স্থানীয় সরকার বিভাগের সচিব হিসেবে বদলি করা হয়েছে। তিনি বলেন, নির্বাচন কমিশন সচিবকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পদায়নের মাধ্যমে সারা দেশে আওয়ামীকরণের ষোলকলা পূর্ণ হবে।
রিজভী বলেন, এখন সারা দেশে দরিদ্র মানুষের করুণ দশা। আর সরকার বলছে- দেশ নাকি মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। তিনি বলেন, অভাবের তাড়নায় যশোরের শার্শা উপজেলার চালিতাবাড়িয়া দীঘা গ্রামে রোববার রাতে দুই শিশুসন্তানকে বিষ খাইয়ে হত্যার পর এক মা আত্মহত্যা করেছেন। তিন দিন আগে শনিবার অভাবের কাছে হার মেনে নরসিংদীতে দুই সন্তানকে শ্বাসরোধে হত্যা করেছেন এক বাবা। বিএনপির এ নেতা বলেন, অনির্বাচিত সরকারের লোকজন একদিকে লুটপাট করে অর্থনীতি ফোকলা করে দিচ্ছে, অন্যদিকে অভাবের তাড়নায় হতদরিদ্র মানুষ আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন।
রিজভী বলেন, পত্রিকায় খবর বেরিয়েছে সরকারি দলের নেতাকর্মীসহ অন্তত ছয় লাখ লোক বিদেশে যাচ্ছেন ঈদ করতে। যেখানে আগে ঈদ করতে মানুষ যেত গ্রামের বাড়িতে। দেশে সম্পদ বণ্টনের এ অসাম্য এবং দুর্নীতি করার অবারিত ব্যবস্থার জন্য দেশে এক লুটেরা গোষ্ঠীর জন্ম হয়েছে। আর অন্যদিকে মানুষ অভাবের কারণে করছে আত্মহত্যা, ধানের দাম না পেয়ে কৃষকরা ক্ষেতে আগুন দিচ্ছে বা মহাসড়কে ধান ঢেলে দিচ্ছে। গণবিরোধী সরকারের সম্পূর্ণ ব্যর্থতায় এক ভয়াবহ অবস্থা চলছে দেশে। দেশব্যাপী কৃষকের ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে না পারায় কৃষি ও খাদ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন রুহুল কবির রিজভী।




