ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)
সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগ ৫০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইফ জয়নাল আবেদীন ফারুক।
তিনি বলেন, বর্তমান সরকার যে হারে গুম, হত্যা, শেয়ার বাজার কেলেঙ্কারি এবং দেশে যে হারে নাশকতা চালিয়েছেন তাতে জনগণ আপনাদের আর ক্ষমতায় দেখতে চায় না। আগামীতে আপনাদের প্রত্যাখ্যান করবে। সময় থাকতে জনগণের কাছে ক্ষমা চান।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাব বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত ‘সরকারের নাশকতা প্রচারণা এবং বাস্তবতা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, খালেদা জিয়া আন্দোলনের কলাকৌশল জানেন। সময় হলে আন্দোলনে নামবেন এবং এ সরকারের সকল নাশকতার বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে রাজপথে নামবেন। এখন পর্যন্ত কোনো ধ্বংসাত্মক কর্মসূচি দেন নাই।
আরো বলেন, শেখ হাসিনা ৩০ তারিখে দেশে ফিরলে অবশ্যই আইন মন্ত্রীর সাথে আলোচনা করে সংবিধান পরিবর্তন করবেন এবং সংবিধান পরিবর্তন করে একটি সঠিক নির্বাচন দিবেন। আর তা না হলে বাংলাদেশের জনগণ রাজপথে নামা ছাড়া কোন উপায় হবে না।
সংগঠনের উপদেষ্টা মাইনুল ইসলামের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি এ্যাড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির নির্বাহী কমিটির সদস্য হেলেন জেরিন খান, বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি মাইনুল ইসলাম, এলডিপির সভাপতি শাহাদাত হোসেন সেলিম প্রমুখ।




