ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)
আইন প্রতিমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক মান এবং ব্রিটিশ ‘ল’ অনুযায়ী যুদ্ধাপরাধীদের বিচার চলছে।
তিনি মওদুদ আহমদকে প্রশ্ন রেখে বলেন, যুদ্ধাপরাধীদের বিচার আন্তর্জাতিক মানের হচ্ছে না, আপনি এর ব্যাখ্যা দিন। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, আমরাই একমাত্র যুদ্ধাপরাধী বিচারে আপিলের সুযোগ দিয়েছি। বিশ্বের আর কোনো দেশে এ সুযোগ নেই।
কামরুল ইসলাম বলেন, আদালত কাদের মোল্লার ফাঁসির রায় দিয়েছে। আর আদালতের রায় অনুযায়ীই যথাসময়ে কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করা হবে। কারো হুমকি-ধামকিতে কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরে ব্যাঘাত সৃষ্টি হবে না। সময় মতই রায় কার্যকর হবে। তিনি আরো বলেন, তত্ত্বাবধায়ক এর গোলক ধাঁধায় দেশবাসী আর পড়তে চায়না। তাই অনির্বাচিত সরকার এক দিনের জন্যও আসতে পারবে না। কামরুল বলেন, এক দলের খামখেয়ালির কারণে নির্বাচন বসে থাকবে না।
ইশতিয়াক হোসেন দিদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি হুমায়ুন কবীর মিজি, সহসভাপতি রেজাউল করিম প্রমুখ।




