ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)
উচ্চ আদালতে বিচারপতিদের সই জাল করার ঘটনায় জড়িতরা চিহ্নিত হলেও গ্রেফতার হচ্ছে না। মামলার তদন্ত কর্মকর্তা এসআই সোহেল বলছেন, তদন্তে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের দেওয়ানি শাখার ইনচার্জ হাফিজুর রহমানসহ কয়েকজন জড়িত বলে তথ্য-প্রমাণ পাওয়া গেছে। তাদের শিগগিরই গ্রেফতার করা হবে। এদিকে প্রধান অভিযুক্ত হাফিজুর রহমান পলাতক থেকে তিন মাস ধরে বেতন-ভাতা উত্তোলন করছেন বলে জানা গেছে।
সূত্র জানায়, উচ্চ আদালত, অ্যাটর্নি জেনারেল ও সলিসিটর কার্যালয়ের কর্মকর্তাদের যোগসাজশে জালিয়াতির মাধ্যমে হবিগঞ্জে সরকারের ২৪ একর খাস জমি আত্মসাতের চেষ্টা করা হয়। এ জন্য সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের স্বাক্ষর জালের মাধ্যমে তৈরি করা হয় ‘ভুয়া রায়’। রায়ের পক্ষে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের দুই আইন কর্মকর্তার ‘সই’ ও ‘সিল’ জাল করে ওই সম্পত্তি নিয়ে মামলা নিষ্পত্তির জন্য সুপারিশ করা হয়। শেষ মুহূর্তে জালিয়াতির ঘটনা ফাঁস হওয়ায় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের নির্দেশে শাহবাগ থানায় গত ১৬ জুন মামলা হয়।




