শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রক্রিয়ায়ই নির্বাচন অনুষ্ঠিত হবে : শেখ হাসিনা

গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রক্রিয়ায়ই নির্বাচন অনুষ্ঠিত হবে : শেখ হাসিনা

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার ব্যাপারে ফের আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রক্রিয়ায়ই এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দেয়ার জন্য নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী বলেন, আসন্ন সাধারণ নির্বাচন নিয়ে কেউ প্রশ্ন তোলার সুযোগই পাবে না।  কারণ সরকার নির্বাচন কমিশনের কাজে হস্তক্ষেপ করেনি, করবেও না।

নিউইয়র্কে কমনওয়েলথের মহাসচিব কমলেশ শর্মার সঙ্গে সোমবার সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের কাছে এ তথ্য জানান।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশের নির্বাচন কমিশন বর্তমানে সম্পূর্ণ স্বাধীন। সরকারের কোনো ধরণের হস্তক্ষেপ ছাড়াই নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে।

সাক্ষাৎকালে কমনওয়েলথের মহাসচিব শেখ হাসিনাকে নভেম্বরে শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য কমনওয়েলথের বৈঠকে যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৬৮তম অধিবেশনে যোগ দিতে আট দিনের সরকারি সফরে সোমবার সকালে নিউ ইয়র্ক পৌঁছেন। তিনি আগামী ২৭ সেপ্টেম্বর ইউএনজিএ’র ৬৮তম অধিবেশনে ভাষণ দেবেন।

আরও পড়ুন

সর্বশেষ