সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদটপখালেদা জিয়াকে আর জীবিত দেখতে চান না প্রধানমন্ত্রী : রিজভী

খালেদা জিয়াকে আর জীবিত দেখতে চান না প্রধানমন্ত্রী : রিজভী

রাজনৈতিক প্রতিহিংসার কারণেই খালেদা জিয়াকে আর জীবিত দেখতে চান না প্রধানমন্ত্রী শেখ হাসিনা- এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। ২১ মার্চ বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রীর কথা ও কাজের মধ্যে বিস্তর ব্যবধান উল্লেখ করে রিজভী বলেন, তিনি বলেন, ‘আমি বঙ্গবন্ধুর কন্যা, আমার ক্ষমতার দরকার নেই’। অন্যদিকে মিডনাইট নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রিত্ব ধরে রাখেন।

রিজভী হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশনেত্রীকে হত্যাচেষ্টা বন্ধ করে আজই তার পছন্দমতো বিশেষায়িত ইউনাইটেড হাসপাতালে ভর্তি করুন। তাকে মুক্তি দিন। জনগণের ধৈর্য ও সহ্যের বাঁধ ভেঙে গেছে। সরকার যেন নিজেদের অশুভ পরিণতির দিকে ঠেলে না দেয়। কিছুদিন আগে প্রধান নির্বাচন কমিশনার আগের রাতে ভোটচুরির স্বীকারোক্তি দিয়েছেন দাবি করে তিনি বলেন, আওয়ামী লীগ নেতা নির্বাচন কমিশন সচিব হেলালুউদ্দীনও দু’দিন আগে স্বীকার করেছেন রাতে সিল মেরে ব্যালট বাক্স ভর্তি করার কথা। এতোকিছুর পরও বাকশাল বলতে আর বাকি কি থাকলো।

রিজভী বলেন, আর মাত্র চার দিন পরেই মহান স্বাধীনতা দিবস। হাতের মুঠোয় প্রাণ নিয়ে যিনি এই স্বাধীনতার ঘোষণা দিয়ে জীবন-মৃত্যুকে পরম ভৃত্য করে রণাঙ্গনে নেতৃত্ব দিয়েছিলেন অসীম সাহসে, যার ঘোষণায় গোটা জাতি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, সেই বীরউত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী, তিনবারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের জনগণের আস্থার প্রতীক দেশনেত্রী খালেদা জিয়াকে হত্যা করতে উন্মত্ত হয়ে উঠেছে বর্তমান গণবিচ্ছিন্ন অবৈধ সরকার।

তিনি বলেন, আজ আর দেশের মানুষের বুঝতে এতটুকু বাকি নেই যে, প্রধানমন্ত্রীকে চরম প্রতিহিংসার বাসনা চরিতার্থ করতে পেয়ে বসেছে। তিনি পরিত্যক্ত অন্ধকার স্যাঁতসেঁতে কারাগারে গুরুতর ও চূড়ান্ত অসুস্থ দেশনেত্রীর যন্ত্রণার ছটফটানি দেখে আনন্দ উপভোগ করছেন।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম-মহাসচিব খায়রুর কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, সহ-দফতর সম্পাদক মুনীর হোসেন প্রমুখ।

আরও পড়ুন

সর্বশেষ