বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনকর্ণফুলী নদীর অবৈধ দখলদার উচ্ছেদ অভিযান তৃতীয় দিনেও অব্যাহত

কর্ণফুলী নদীর অবৈধ দখলদার উচ্ছেদ অভিযান তৃতীয় দিনেও অব্যাহত

চট্টগ্রামের কর্ণফুলী নদীর অবৈধ দখলদার উচ্ছেদে বুধবার তৃতীয় দিনের মতো অভিযান অব্যাহত রয়েছে। সদরঘাট লাইটারেজ জেটি থেকে মাঝিরঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হচ্ছে। মঙ্গলবার কর্ণফুলী নদীর দখলদার উচ্ছেদের দ্বিতীয় দিন ৩০টি বড় স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এর আগে গত সোমবার প্রথম দিন সদরঘাট জেটি এলাকায় অন্তত ৮০টি স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয় বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে।

অভিযানের নির্বাহী হাকিম (ম্যাজিস্ট্রেট) তাহমিলুর রহমান জানান, দ্বিতীয় দিন ৩০টি বড় পাকা স্থাপনা উচ্ছেদের পাশাপাশি একটি উপখাল দখলমুক্ত করা হয়েছে। খালের মুখটি ২০ ফুট চওড়া হলেও দখল করে নেওয়ার কারণে এটি নালায় পরিণত হয়ে গিয়েছিল। উচ্ছেদের মধ্যে খাদ্য ও নানা পণ্যের গুদামের সংখ্যা বেশি। দীর্ঘদিন ধরে নদীর পাড়ে এসব গুদাম তৈরি করে দখল করে রেখেছে একটি চক্র। স্থানীয়রা জানান, কর্ণফুলী নদীর পাড়ে এত বড় অভিযান আগে কখনো হয়নি। তবে উচ্ছেদের পর নতুন করে যেন আবার দখল না হয়, সেদিকে লক্ষ রাখার পরামর্শ দেন এলাকার সাধারণ মানুষ।

২০১৫ সালে কর্ণফুলী নদীর পাড়ে দুই হাজার ১১২টি অবৈধ স্থাপনার তালিকা করে হাইকোর্টে জমা দেয় জেলা প্রশাসন। পরের বছর স্থাপনাগুলো উচ্ছেদের নির্দেশ দেন হাইকোর্ট। এরপর গত সোমবার থেকে শুরু হয় কর্ণফুলী নদীর দখলদার উচ্ছেদের এই অভিযান।

আরও পড়ুন

সর্বশেষ