যেকোনো ধরনের অনিয়মের ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার মাহাবুবুর রহমান। আগামী পাঁচ বছর পুলিশের অবস্থান নিরপেক্ষ হবে জানিয়ে পুলিশ কমিশনার বলেন, গত ১০ বছরের মতো সামনের পাঁচ বছরও হবে, এমন কেউ মনে করে থাকলে তা হবে না। থানায় টাউট, বাটপার ও পুলিশের দালালের পরিবর্তে ভালো মানুষদের থানায় এসে সেবা গ্রহণের আহ্বান জানান তিনি।
সোমবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও তার সংলগ্ন প্রবর্তক এলাকায় সিসিটিভি ক্যামেরার কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে গিয়ে এসব কথা জানান পুলিশ কমিশনার মাহাবুবুর রহমান। সিএমপি কমিশনার বলেন, যে জনপ্রতিনিধি মানুষের কথা বলবেন, মানুষের ভালোর জন্য এগিয়ে আসবেন, সেই জনপ্রতিনিধি টিকে থাকবেন। যে জনপ্রতিনিধি মানুষের কথা বলবেন না, সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দেবেন, তিনি কখনো জনপ্রতিনিধি হতে পারবেন না।
আপনারা গত ১৫ থেকে ২০ দিন ধরে দেখেছেন, সারা বাংলাদেশে কোনো অপরাধ হলে তিনি সরকারদলের হোক অথবা বিরোধীদলের, সমানভাবে ট্রিটমেন্ট পাচ্ছে। দলীয় পরিচয় মুখ্য নয় জানিয়ে মাহাবুবুর রহমান হুঁশিয়ার দিয়ে বলেন, ‘আগামী পাঁচ বছর আমরা নিরপেক্ষ থাকব। অন্তত সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের নিরপেক্ষ অবস্থান থাকবে। পুলিশের সেবা সপ্তাহের প্রতিটি দিন থেকে শিক্ষা নিয়ে বাকি ৫১ সপ্তাহ পুলিশ সেবার পথ ধরে রাখবে বলেও আশা প্রকাশ করেন সিএমপি কমিশনার। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সিএমপির অতিরিক্ত কমিশনার আমেনা বেগম, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টু, আনজুমান আরা বেগম, গিয়াস উদ্দিন প্রমুখ।




