ন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)
দেশনেত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আজ রাজশাহী আসছেন। তাকে বরণ করে নিতে প্রস্তুত রাজশাহী। রাজশাহীর এবারের সমাবেশ হবে অকল্পনীয়। লাখ লাখ মানুষের পদভারে প্রকম্পিত হবে রাজশাহী। সমাবেশ পরিণত হবে জনসমুদ্রে। এখান থেকে সরকার হঠানোর ঘোষণা দেবেন এমন প্রত্যাশা আয়োজকদের।
গতকাল সকালে সাংবাদিক সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব ১৮ দলীয় জোটের রাজশাহী মহানগর আহ্বায়ক মিজানুর রহমান মিনু সামাবেশের প্রস্তুতির কথা তুলে ধরে বলেন আয়োজন সম্পন্ন হয়েছে। এখন শুধু আগমনের প্রতীক্ষায়। জনসভাস্থল ঐতিহাসিক মাদরাসা ময়দান ছাড়াও পাশের বিশাল ঈদগাহ ময়দান আশপাশের মাঠ বাঁধ রাস্তা সর্বত্র থেকে দেশনেত্রীর বক্তব্য শোনা যাবে। দু’শতাধিক মাইক লাগানো হয়েছে। সমাবেশে আগতদের স্বাগত জানানোর জন্য প্রস্তুত স্বেচ্ছাসেবকরা। জনসভা শুরু হওয়ার আগ পর্যন্ত দেশবরেণ্য শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন। ইতোমধ্যে ১৮ দলীয় জোটের কেন্দ্রীয় নেতারা রাজশাহীর অবস্থান করতে করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্বাগত জানানোর জন্য রাজশাহীতে প্রবেশের সকল মহাসড়কে বানানো হয়েছে শত শত স্বাগত তোরণ।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুনার রশিদ, চেয়ারপার্সনের উপদেষ্টা জহুরুল ইসলাম, শফিকুল হক মিলন, সাবেক এমপি আনোয়ারুল ইসলাম, জামায়াত নেতা আবু মো: সেলিম, কাজী হেনা প্রমুখ।
বিএনপির চেয়াপার্সন ১৮ দলীয় জোটনেত্রী বেগম খালেদা জিয়ার রাজশাহী বিভাগীয় সমাবেশ নিয়ে বিএনপি তথা ১৮ দলীয় জোট নেতাকর্মীরা ভীষণ ব্যস্ত। শহর থেকে উপজেলা পর্যন্ত চলছে শেষ মুহূর্তের প্রচারণা মিছিল। আশপাশের জেলাগুলোতে ব্যস্ততা কম নয়। নিজ নিজ এলাকা হতে কত বেশি লোক সমাগম ঘটানো যায় এ নিয়ে ব্যস্ত। এক রকম শোডাউনের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে।
সমাবেশের সবকিছু পর্যবেক্ষণের জন্য কেন্দ্রীয় নেতারা এসে অবস্থান নিয়েছেন। কেউ কেউ উপজেলা পর্যায়ের সভা সামবেশেও যোগ দিচ্ছেন। জনসভায় আশপাশের জেলা উপজেলা থেকে বেশি লোক সমাগম ঘটানোর জন্য তৎপরতা চালাচ্ছেন।
রাজশাহীর ৯টি উপজেলায় সকাল-বিকাল চলছে প্রচারনা মিছিল। রাজশাহী মহানগরীর শিক্ষা প্রতিষ্ঠানগুলো হতে প্রতিদিন বের হচ্ছে স্বাগত মিছিল। মহানগর ছাড়া রাজশাহী নগরীতে প্রবেশের সবক’টি রাস্তায় নির্মাণ করা হয়েছে স্বাগত তোরণ। উপজেলা থেকে কর্মীসমর্থক সাধারণ মানুষেরা আসতে চাইলেও পরিবহন সংকটে পড়েছে আয়োজকরা।




