গাজীপুরের কালীগঞ্জের পুনশই ও সদর উপজেলার বাড়িয়ার নাসারাণ এলাকায় পৃথক বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোররাতে বেলাই বিলের পুনশই অংশে দুজন এবং নাসারাণ এলাকায় একই সময় একজন নিহত হয়। পরে স্থানীয়রা সকালে লাশ উদ্ধার করে। নিহতরা হলেন গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের পুনশই এলাকার মৃত নূর ইসলামের ছেলে তাজুল ইসলাম (৫০) ও একই এলাকার হান্নান শেখের ছেলে মামুন শেখ (৩০) এবং গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের নাসারাণ এলাকার মৃত রবিন্দ্রনাথের ছেলে রখিন্দ্রনাথ (৪২)।
জাঙ্গালিয়া ইউপি চেয়ারম্যান গাজী সারোয়ার হোসেন জানান, সোমবার রাতে বেলাই বিলের পুনশই এলাকায় নৌকাযোগে বড়শি ও টেঁটা দিয়ে মাছ ধরতে যায় তাজুল ইসলাম ও মামুন শেখ। ভোররাতে বজ্রপাতের সময় তারা নৌকা থেকে পানিতে পড়ে ডুবে যায়। এ সময় আশপাশে মাছ ধরতে যাওয়া অন্য লোকজন তাদের নৌকায় দেখতে না পেয়ে এগিয়ে যায়। পরে নিহতদের পরিবার ও এলাকবাসীকে খবর দেয়া হয়। খবর পেয়ে তাদের পরিবারের লোকজন ও এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে পানির নিচ থেকে তাজুল ইসলাম ও মামুন শেখের লাশ উদ্ধার করে।
কালীগঞ্জ থানার ওসি মো. আবু বকর মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘঠনাস্থলে যায়। নিহতদের নাক ও কান দিয়ে রক্ত বের হচ্ছিল এবং তাদের শরীর ঝলসে গেছে। অপর দিকে বাড়িয়া ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান শক্কুর জানান, গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের নাসারাণ এলাকায় একটি বিলে রখিন্দ্রনাথসহ ৪-৫ জন নৌকা নিয়ে মাছ ধরতে যায়। ওই সময় বজ্রপাতের ঘটনা ঘটলে রখিন্দ্রনাথ ঘটনাস্থলে মারা যান। জয়দেবপুর থানার ওসি মো. আসাদুজ্জামান মিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে রখিন্দ্রনাথ ঘটনাস্থলেই মারা যান। পরে পরিবারের লোকজন লাশ নিয়ে যায়।




