নগরীর নিউ মার্কেট দোস্ত বিল্ডিংয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির অফিস ভাংচুর করেছে পদবঞ্চিত দক্ষিণ জেলা ছাত্রদলের নেতারা। ১২ সেপ্টেম্বর দুপুরে এ ঘটনা ঘটে। দলীয় সূত্র জানায়, বিএনপির কেন্দ্রীয় ঘোষিত প্রতীকী অনশন পালনের জন্য চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে কর্ণফুলী নতুন ব্রিজ মন্নান টাওয়ারের সামনে অনশন কর্মসূচি পালন করে।

এ সময় নবগঠিত দক্ষিণ জেলা ছাত্রদলের অব্যাহতিপ্রাপ্ত সিনিয়র সহ-সভাপতি ইকবাল হায়দার চৌধুরী, পটিয়া উপজেলা ছাত্রদলের সভাপতি জমির উদ্দীন মানিক ও দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক জসিম উদ্দীনের নেতৃত্বে কিছু নেতা-কর্মী দোস্ত বিল্ডিংস্থ দক্ষিণ জেলা বিএনপির অফিসের তালা ভেঙে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের ব্যানারে অনশন পালন করে।
কর্মসূচি শেষ করে ফিরে যাওয়ার সময় পদবঞ্চিত ছাত্রদল নেতারা অফিসের চেয়ার ভাংচুর করে ব্যানার ছিড়ে অফিসের গেইটে নতুন দুইটি তালা লাগিয়ে চলে যায়। পরে খবর পেয়ে দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক চেয়ারম্যান মুজিবুর রহমান, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দীন সুমন এসে ভাংচুর করার দৃশ্য দেখেন।
এ সময় দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী বলেন, আওয়ামী লীগের দালালেরা দলীয় কার্যলয়ে ভাংচুর করেছে। তারা বিএনপির নামধারী আওয়ামী লীগের দালাল। না হলে তারা কোনদিন অফিসে এসে কোন কর্মসূচিতে অংশগ্রহণ করেনি। হঠাৎ করে কাউকে কিছু না বলে অফিসের তালা ভেঙে অফিসের চেয়ার ভাংচুর করে তারা দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
এ ব্যাপারে দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক জসিম উদ্দীন তালা ভেঙে প্রবেশ করার কথা অস্বীকার করে বলেন, এটা দক্ষিণ জেলা বিএনপির অফিস, এটার চাবি সবার কাছে থাকবে, তালা ভেঙে ভাংচুর করার বিষয়টি সত্য নয়। দক্ষিণ জেলা তৃণমূল ছাত্রদলের নেতারা এ প্রোগ্রামের আয়োজন করেছে। কারা তৃণমূল ছাত্রদল নেতাকর্মী জানতে চাইলে তিনি নির্দিষ্ট কারো নাম না বলে প্রায় সকল থানার ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদক উপস্থিত ছিল বলেন।
এ ব্যাপারে দক্ষিণ জেলা ছাত্রদলের অব্যাহতিপ্রাপ্ত সিনিয়র সহ-সভাপতি ইকবাল হায়দার চৌধুরী ও পটিয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক জমির উদ্দীন মানিকের সাথে ফোনে যোগাযোগ করা হলেও তিনি কল রিসিভ করেননি।




