আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ৩০ অক্টোবেরর পর ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমেদ। সচিব বলেন, ৩০ অক্টোবর কাউন্ট-ডাউন শুরু হবে। তারপর যেকোনও সময় তফসিল হবে। তবে, কবে হবে তা নির্ধারণ করবে কমিশন। ১০ সেপ্টেম্বর সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশন সচিব একথা জানান।
হেলাল উদ্দীন আহমেদ জানান, এছাড়া আগামী ২৫ সেপ্টেম্বরের পর থেকে চূড়ান্ত ভোটার তালিকা স্থায়ী ভাবে মুদ্রণ প্রক্রিয়া শুরু হবে। এইরমধ্যে ১০ কোটি ৪১ লাখ ভোটার তালিকার সিডি প্রস্তুত করা হয়েছে। সিডিগুলো এখন জেলা পর্যায়ে পাঠিয়ে দেওয়া হলেই ছাপার কাজ শুরু হবে।
ইসি সচিব বলেন, একাদশ নির্বাচনে ভোটকেন্দ্রের সম্ভাব্য সংখ্যা ৪০ হাজার ১৯৯টি। এর খসড়া তালিকা গত ৫ সেপ্টেম্বর প্রকাশ করা হয়েছে। এসব খসড়ার উপর সংশোধনের আবেদনও জমা পড়েছে। সেগুলো পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে। সংসদ নির্বাচনের ২৫ দিন আগে এগুলো হালনাগাদ করে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
হেলাল উদ্দীন বলেন, তফলিস ঘোষণার আগ পর্যন্ত নির্বাচনের প্রায় ৮০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে এবং নির্বাচনী সামগ্রী কেনাকাটার কাজও প্রায় শেষ পর্যায়ে। নির্বাচনে প্রিসাইডিং ও পোলিং অফিসারের তালিকা তফসিল ঘোষণার পর চূড়ান্ত করা হবে। তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রের সংখ্যা হবে ২ লাখ ৬ হাজার ৫৪০টির মতো। নির্বাচন সম্পন্ন করতে প্রতিটি ভোটকেন্দ্রে একজন প্রিজাইডিং অফিসারসহ এবারের জাতীয় নির্বাচনে ৭ লাখের মতো কর্মকর্তা-কর্মচারীর প্রয়োজন হবে।




