আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রীকে দেওয়া গণসংবর্ধনা অনুষ্ঠানটি ছিলো অভুতপূর্ব। মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে এতে। এ সংবর্ধনা অনুষ্ঠান নিয়ে আমরা বেশ সচেতন ছিলাম। রাজধানীবাসীর দুর্ভোগ যাতে না হয় সে জন্য আমরা বেশ কিছু পদক্ষেপও নিয়েছিলাম। এরপরেও যদি এ গণসংবর্ধনাকে কেন্দ্র করে রাজধানীবাসীর কোনো কষ্ট হয় তাহলে আমরা সে জন্য আন্তরিকভাবে দুঃখিত। রোববার সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ওবায়দুল কাদের।
সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন বিষয়ে আলোকপাত করে বক্তব্য দেন। তিনি রাজনীতি, আগামী নির্বাচন, কোটা সংস্কার আন্দোলন, তিন সিটি করপোরেশনের আসন্ন নির্বাচন, নির্বাচনকালীন সরকারসহ বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি গত নির্বাচনে অংশ নেয়নি। তারা নির্বাচন ঠেকানোর জন্য সব ধরনের চেষ্টা করেছে। জ্বালাও-পোড়াও ভাঙচুরসহ ব্যাপক ধ্বংসাত্মক কাজ করেও নির্বাচন ঠেকাতে পারেনি। বরং তারাই ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা আশা করছি আগামী নির্বাচনে তারা এ ধরনের কোনো নেতিবাচক কাজ করবে না। খালেদা জিয়াকে ছাড়া বিএনপি নির্বাচনে আসবে না বলে ঘোষণা দিয়েছে। এটাকে আপনি কিভাবে দেখছেন- এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নির্বাচন থেকে সরে থাকার জন্য নানা ইস্যুই খুঁজবে। শেষ পর্যন্ত তারা নির্বাচনে আসবে বলেই আমার বিশ্বাস। তারপরে নির্বাচনে আসা না আসা এটা একান্তই তাদের নিজস্ব ব্যাপার।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি নির্বাচনে না এলেও আগামী নির্বাচন অনেক বেশি দলের অংশগ্রহণে অংশগ্রহণমূলক হবে। এ নির্বাচন হবে শান্তিপূর্ণ ও অবাধ। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। কারো জন্য নির্বাচন আটকে থাকবে না বলেও জানান ওবায়দুল কাদের।




