নগরের পর্যটন করপোরেশনের মোটেল সৈকত থেকে গ্রেফতার ইসলামী ছাত্রশিবিরের ২১০ নেতা-কর্মী ও অজ্ঞাতনামা আরও ১০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। ২৪ জুন সকালে কোতোয়ালী থানা পুলিশের উপ পরিদর্শক গোলাম ফারুক বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, নগরের স্টেশন রোডের মোটেল সৈকতে অভিযান চালিয়ে গোপন বৈঠক করার সময় শিবিরের ২১০ জনকে আটক করা হয়। পরে তাদের গ্রেফতার দেখিয়ে রোববার সকালে অজ্ঞাতনামা আরও ১০জনকে আসামি করে মোট ২২০ জনের বিরুদ্ধে মামলা করা হয়। ওসি মহসিন জানান, ‘পারাবার’ নামে একটি সংগঠনের ব্যানারে তারা ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেছিল। সংগঠনটি শিবিরের চট্টগ্রাম মহানগর দক্ষিণের সাংস্কৃতিক শাখা।
এদিকে ২৩ জুন রাতে সাতকানিয়ার রাস্তার মাথা থেকে জামায়াত নেতা, সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী ভেবে কুতুবদিয়ার আধ্যাত্মিক সাধক হজরত আব্দুল মালেক শাহের (র:) ছেলে শেখ ফরিদ আল কুতুবীকে আটক করেছে পুলিশ। পরে ঘণ্টা-খানেক পর তাকে ছেড়ে দেওয়া হয়। সাতকানিয়ায় থানার পরিদর্শক (তদন্ত) মুজিবুর রহমান বলেন, ভুলে এ রকম একটা ঘটনা ঘটেছে। পরে ঘণ্টাখানেক পর তাকে ছেড়ে দেওয়া হয়।




