বিধবা নারীদের জন্য ভাতার প্রবর্তন পিছিয়ে পড়া নারী সমাজকে সামনে এগিয়ে যেতে সহায়তা করবে বলে মন্তব্য করেছেন চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিডব্লিউসিসিআই) সভাপতি মনোয়ারা হাকিম আলী। ৭ জুন অর্থমন্ত্রীর বাজেট ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
বাজেটের সঠিক ও মানসম্পন্ন বাস্তবায়ন অত্যন্ত জরুরি উল্লেখ করে মনোয়ারা হাকিম আলী বলেন, এবারের বাজেটে শিক্ষাখাতে বরাদ্দ বাড়াতে দেশের চলমান শিক্ষার মানোন্নয়ন ও প্রাথমিক শিক্ষার উন্নয়নে সহায়ক হবে। ওষুধ শিল্পের কাঁচামাল, গুঁড়োদুধ, কর্নফ্লাওয়ার, পোল্ট্রি ফিড, সয়াবিন তেল ইত্যাদি আমদানির ক্ষেত্রে শুল্ক কমানোর ফলে দেশের সাধারণ মানুষ উপকৃত হবেন।
তিনি বলেন, বাংলাদেশের ঐতিহ্যবাহী সোনালি আঁশ রক্ষায় পাটের ব্যবহার বৃদ্ধি ও পরিবেশ সুরক্ষায় পলিথিন ব্যবহারকে নিরুৎসাহিত করতে পলিথিন ও প্লাস্টিকের ওপর শুল্ক বৃদ্ধির প্রস্তাব অত্যন্ত সময়োপযোগী। ক্ষুদ্র শিল্পকে উৎসাহিত করতে স্বল্প মূল্যের চপ্পল, বেকারি ও স্ন্যাকস আইটেমের ওপর ভ্যাট অব্যাহতির প্রস্তাবকে সাধুবাদ জানিয়ে মনোয়ারা হাকিম আলী বলেন, এ প্রস্তাবের ফলে ক্ষুদ্র নারী উদ্যোক্তারা বিশেষভাবে উপকৃত হবেন। তিনি বলেন, আমদানি করা চালের ওপর শুল্ক ও কর বৃদ্ধির ফলে সাধারণ জনগণের ব্যয় বাড়বে। ই-কমার্স সার্ভিসের ওপর ভ্যাটের প্রবর্তন নতুন এ খাতের সম্প্রসারণে বাধাগ্রস্ত করবে।
ভ্যাট ৯ স্তর থেকে নামিয়ে ৫ স্তর করায় আদায়ের ক্ষেত্রে জটিলতা কমবে উল্লেখ করে মনোয়ারা হাকিম আলী বলেন, সর্বনিম্ন আয়করের সীমা বৃদ্ধি হলে ভালো হতো। বিশেষ করে নারীদের জন্য বিষয়টি বিবেচনা করা প্রয়োজন। ব্যাংক খাতে করপোরেট ট্যাক্স কমানোর ফলে ব্যাংক ঋণের সুদের হার কমানোর সুযোগ তৈরি হবে। এ ছাড়া নারীদের জন্য ১০০ কোটি টাকার থোক বরাদ্দ অব্যাহত রাখায় নারী উদ্যোক্তাদের কাজের সুযোগ সৃষ্টি হবে।




