বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনটেরিবাজারে ব্যবসায়ীদের ধর্মঘট ও মানববন্ধন

টেরিবাজারে ব্যবসায়ীদের ধর্মঘট ও মানববন্ধন

টেরিবাজারের কাপড়ের দোকানে টাস্কফোর্সের অভিযান এবং ফাঁকা গুলির প্রতিবাদে ধর্মঘট ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ব্যবসায়ীরা। ২ জুন সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ ধর্মঘট ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এতে টেরিবাজারের হাজারোধিক ব্যবসায়ী অংশ নেন।

প্রতিবাদ সমাবেশে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়ল চৌধুরী হাসান মাহমুদ হাসনী বলেন, ‘যারা শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ ব্যবসা করে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করুন। আমরা কিছু বলবো না। কিন্তু নিরীহ ব্যবসায়ীদের হায়রানি করলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। সাধারণ ব্যবসায়ীদের হয়রানি করে সরকারের সুনাম ক্ষুন্ন করবেন না। টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল ইসলাম আমিন বলেন, কোন কারণ ছাড়াই কোস্ট গার্ডের নেতৃত্বে টাস্কফোর্স আমাদের ৩৫ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। তাদের অভিযানের কারণে ব্যবসা বাণিজ্যে বিঘ্ন ঘটায় একদিনে ব্যবসায়ীদের অন্তত ৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে। আমরা এর সুষ্ঠু সমাধান চাই।

প্রতিবাদ সভায় আরও বক্তব্য রাখেন মেট্রোপলিটন শপ ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কাশেম, টেরিবাজার ব্যবসায়ী সমিতির উপদেষ্টা মো. আলী সিআইপি, টেরিবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ওসমান গণি চৌধুরী, বর্তমান সাধারণ সম্পাদক আহমদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, ব্যবযায়ী নেতা মোস্তাক আহমদ চৌধুরী, আরিফ ইফতেখার, মো. ইদ্রিস, বেলায়েত হোসেন প্রমুখ।

এদিকে ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে ধর্মঘট পালন করায় ভোগান্তিতে পড়েন টেরিবাজারে কেনাকাটা করতে আসা নানা শ্রেণি ও পেশার মানুষ। গরমে রাস্তায় দাঁড়িয়ে দোকান খোলা পর্যন্ত অপেক্ষা করতে দেখা গেছে তাদের।  এর আগে ৩১ মে দুপুরে টেরিবাজারের কাপড়ের দোকান ‘মনে রেখ’ এবং ‘স্টার প্লাস’ এ অভিযান চালায় চোরাচালান বিরোধী টাস্কফোর্স। এসময় তাদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষ হয়। এক পর্যায়ে ব্যবসায়ীদের লক্ষ করে ফাঁকা গুলিও ছোড়েন কোস্ট গার্ডের নেতৃত্বে অভিযান পরিচালনা করা টাস্কফোর্সের সদস্যরা।

আরও পড়ুন

সর্বশেষ