নগরের বায়েজিদ থানার অক্সিজেন মোড়ে প্রতিকেজি চাল ২৫ টাকা, চিনি ৪৫ টাকা ও প্রতি লিটার সয়াবিন ৮৫ বিক্রি করছে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিএমসিসিআই)। ২১ মে বেলা ১১টায় কেডিএস গার্মেন্টসের সামনে গরিব-দুস্থদের জন্য ভর্তুকি মূল্যে ভোগ্যপণ্য বিক্রির এ কার্যক্রম উদ্বোধন করেন সিএমসিসিআই সভাপতি খলিলুর রহমান। এ বিক্রয় কেন্দ্রে জনপ্রতি ২ কেজি চিনি, ৫ কেজি চাউল এবং ২ লিটার সয়াবিন তেল কিনতে পারবেন সাধারণ মানুষ। রমজানের প্রতিদিন বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিক্রয় কেন্দ্রটি খোলা থাকবে।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএমসিসিআই সহ-সভাপতি এএম মাহবুব চৌধুরী, পরিচালক মো. আমিনুজ্জামান ভূঁইয়া, জসিম উদ্দিন চৌধুরী প্রমুখ। সিএমসিসিআই সভাপতি বলেন, মেট্রোপলিটন চেম্বার ব্যবসায়ীদের সংগঠন হলেও সামাজিক দায়বদ্ধতার আলোকে প্রতিবছর গরিব জনসাধারণের সুবিধার্থে এ ধরনের কার্যক্রম পালন করে আসছে। আগামীতে এ ধরনের কার্যক্রম আরও বাড়ানো হবে। গত ১৩ মে আগ্রাবাদে সিএমসিসিআই কার্যালয়ের সামনে প্রথম ভোগ্যপণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।




