গাজীপুরের কাপাসিয়া উপজেলায় ধান কাটার সময় বজ্রপাতে দুই কৃষিশ্রমিক নিহত হয়েছেন। এ সময় আরো একজন আহত হয়েছেন। বুধবার বিকেলে উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের সালদৈ গ্রামে এবং সনমানিয়া ইউনিয়নের দক্ষিণগাঁও চণ্ডালহাতা গ্রামে এ দুটি বজ্রপাতের ঘটনা ঘটে। নিহতরা হলেন কুড়িগ্রাম জেলার কচাঘাটা উপজেলার সভারটেক গ্রামের আহছান আলীর ছেলে মমিনুর রহমান (৪৫) এবং দক্ষিণগাঁও ইউনিয়নের টানপাড়া এলাকার মৃত আলীম উদ্দিন ভূঁইয়ার ছেলে মোতালিব হোসেন (৪০)।
ঘাগটিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহিনুর আলম সেলিম স্থানীয়দের বরাত দিয়ে জানান, উপজেলার সালদৈ গ্রামের চিনার চুল বিলে জয়নাল বেপারীর জমিতে ধান কাটার কাজ করছিলেন মমিনুর। এ সময় বজ্রপাতে তিনি মারা যান।
অন্যদিকে উপজেলার সনমানিয়া ইউনিয়নের দক্ষিণগাঁও চণ্ডালহাতা বিলে ধান কাটার সময় বজ্রপাতে মোতালিব (৪০) ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহত হন উপজেলার আড়াল গ্রামের জামাল উদ্দিনের ছেলে আলামিন (২৫)। আহত আলামিনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদিন বিকেলেই বজ্রপাতে কাপাসিয়া সদর ইউনিয়নের খোদাদিয়া গ্রামের সফিক মিয়ার একটি গরু মারা গেছে।




