রাজশাহী প্রতিনিধিঃ (বিডি সময় ২৪ ডটকম)
রাজশাহী মহানগরীর শালবাগান এলাকায় শিবিরের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, রাবার বুলেট, টিয়ারশেল ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার সকাল ১১টার দিকে মহানগরীর বোয়ালিয়া থানার শালবাগান এলাকায় এ ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের ১০ জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সকাল ১১টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মহানগরীতে মিছিল বের করে মহানগর ছাত্রশিবির। মিছিলটি মহানগরীর শালবাগান এলাকার পাওয়ার হাউস মোড় থেকে বের হয়ে শালবাগান মোড়ের দিকে যাবার চেষ্টা করলে পুলিশী বাধার মুখে পড়ে।
এ সময় শিবির কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ও কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে পুলিশও বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এতে উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হন।




