রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনমনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে কথা বলবে নগর আ’লীগ

মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে কথা বলবে নগর আ’লীগ

চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)

নগরীর তিন আসনে মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করেছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ। এতে নগর আওয়ামী লীগের নেত‍ৃবৃন্দসহ তিন আসনের নেতাকর্মীরাও উপস্থিত থাকবেন।

আগামী ১৩ সেপ্টেম্বর শুক্রবার নগরীর মুসলিম ইনস্টিটিউটে প্রাথমিকভাবে এ মতবিনিময় সভা হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শনিবার বিকেলে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের এক বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম সুজন বাংলানিউজকে বলেন, ‘তিন আসনে যারা মনোনয়ন প্রত্যাশী তাদের সঙ্গে তৃণমূলের মতবিনিময় হবে। আগামী ২০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে মহানগর ও থানার সভাপতি-সাধারণ সম্পাদকদের মতবিনিময়কে সামনে রেখে এ উদ্যোগ নেয়া হয়েছে। বর্ধিত সভায় এ বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে।’

নগরীর তিনটি আসন হচ্ছে চট্টগ্রাম-৮ (কোতয়ালী), চট্টগ্রাম-৯ (ডবলমুরিং-খুলশী ও হালিশহর) এবং চট্টগ্রাম-১০ (বন্দর-পতেঙ্গা)। তিনটি আসনেই বিগত নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী জয়লাভ করেছিল।

তিন আসনের সাংসদ হচ্ছেন যথাক্রমে নূরুল ইসলাম বিএসসি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডা.আফছারুল আমিন এবং চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি এম এ লতিফ।

নগরীর দারুল ফজল মার্কেটের দলীয় কার্যালয়ে নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি একেএম বেলায়েত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম সুজন, সাংগঠনকি সম্পাদক বদিউল আলম, এম এ রশিদ ও রেজাউল করিম চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী।

বর্ধিত সভায় নগরীর চারটি নতুন থানায় আওয়ামী লীগের নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। থানাগুলো হচ্ছে, সদরঘাট, চকবাজার, ইপিজেড ও আকবর শাহ।

নগর আওয়ামী লীগ নেতা ইফতেখার সাইমুল চৌধুরী বাংলানিউজকে জানান, তিন থানায় নতুন কমিটির রূপরেখা তৈরির জন্য তিন সাংগঠনিক সম্পাদককে দায়িত্ব দেয়া হয়েছে। তারা যত দ্রুত সম্ভব প্রতিবেদন দেবেন। এরপর তিন থানায় কমিটি গঠনের উদ্যোগ নেয়া হবে।

এছাড়া ২০ সেপ্টেম্বর নগর আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক এবং নগরীর সব থানার সভাপতি-সাধারণ সম্পাদক ঐক্যবদ্ধভাবে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন বলে সিদ্ধান্ত হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ