শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনডিসি হিলে শুরু হয়েছে সম্মিলিত বর্ষবরণ অনুষ্ঠান

ডিসি হিলে শুরু হয়েছে সম্মিলিত বর্ষবরণ অনুষ্ঠান

‘পহেলা বৈশাখ বাঙালির উৎসব, সবার যোগে জয়যুক্ত হোক’ স্লোগানে চট্টগ্রামের ডিসি হিলে শুরু হয়েছে সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদের ৪০তম বর্ষবরণ অনুষ্ঠান। ১৪ এপ্রিল সকাল ছয়টা ১৫ মিনিটে ডিসি হিলে বর্ষবরণ অনুষ্ঠান শুরু হয় রক্তকরবীর পরিবেশনা দিয়ে। বিশিষ্ট রবীন্দ্রসংগীতশিল্পী শীলা মোমেনের নেতৃত্বে রক্তকরবীর শিল্পীরা নববর্ষকে আবাহন জানান গানে গানে। ছয়টা ৩৬ মিনিটে তারা পরিবেশন করেন ‘এসো হে বৈশাখ এসো এসো’ গানটি। শিল্পীদের সঙ্গে কণ্ঠ মেলান ডিসি হিলের হাজারো দর্শক-শ্রোতা। এরপর গানের ডালি নিয়ে আসেন সংগীত ভবনের শিল্পীরা।

প্রথম অধিবেশনে গান করবে জয়ন্তী, ছন্দানন্দ, গুরুকুল সংগীত একাডেমি, সুর সাধনা সংগীতালয়, গীতধ্বনি, সৃজামি, ইমন কল্যাণ সংগীত বিদ্যাপীঠ, খেলাঘর ও বংশী শিল্পকলা একাডেমি। নৃত্য পরিবেশন করবে নটরাজ, স্কুল অব ওরিয়েন্টাল ডান্স, ওড়িশী অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার, গুরুকুল, নৃত্যম একাডেমি, ঘুঙুর নৃত্যকলা কেন্দ্র, সঞ্চারী নৃত্যকলা একাডেমি, নৃত্য নিকেতন, দি স্কুল অব ক্লাসিক অ্যান্ড ফোক ডান্স এবং কৃত্তিকা নৃত্যালয়। আবৃত্তি করবে বোধন আবৃত্তি পরিষদ,  প্রমা আবৃত্তি সংগঠন, স্বরনন্দন প্রমিত বাংলা চর্চা কেন্দ্র ও উচ্চারক আবৃত্তিকুঞ্জ। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা দুইটায়।

বৈশাখী উৎসবকে ঘিরে মোমিন রোড, নন্দনকানন, আবদুল করিম সাহিত্যবিশারদ সড়ক, চেরাগি পাহাড় এলাকায় বসেছে বৈশাখী মেলা। যাতে মাটির হাঁড়ি-পাতিল, ব্যাংক, শিশুদের খেলনা, মৌসুমি ফল, গহনা, গৃহস্থালি সামগ্রী, পান্তা-ইলিশ, শরবত, আইসক্রিম ইত্যাদি বিক্রি হচ্ছে।

বর্ষবরণ উৎসবকে ঘিরে তিন স্তরের নিরাপত্তা নিশ্চিত করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। মূল ফটকের আগে দুইটি আর্চওয়ে, ভেতরে ওয়াচ টাওয়ার বসানো হয়েছে। পোশাক পরা নারী ও পুলিশ সদস্যের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ, গোয়েন্দা পুলিশ ও র্য্যব সদস্যরা দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন

সর্বশেষ