খালেদা জিয়াকে জামিনে মুক্তি দিয়ে অবিলম্বে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৩০ মার্চ সকাল সাড়ে ১০টায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি। মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়াকে নিজস্ব চিকিৎসকদের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা ও সুচিকিৎসার সুযোগ দিতে হবে। জেলকোডেও নিজস্ব চিকিৎসকের দ্বারা চিকিৎসা করার সুযোগ দেওয়ার নিয়ম আছে।
তিনি বলেন, বৃহস্পতিবার খালেদা জিয়ার সঙ্গে দেখা করার অনুমতি পেয়েছিলাম, কিন্তু হঠাৎ করে বিকেলে কারা কতৃপক্ষ জানায় তিনি অসুস্থ। সিভিল সার্জন কারাগারে গিয়ে তার স্বাস্থ্য পরীক্ষা করবেন। এরপর আর আমরা জানতে পারিনি তার শারীরিক অবস্থা কেমন। আমরা জানতে চাই, তিনি কেমন আছেন। তার নিজস্ব চিকিৎসকদের দেখার সুযোগ দেওয়া হোক।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।




