রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদটপখালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল

খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। আগামী ২৬ এপ্রিল এ মামলার পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। রোববার পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে অবস্থিত ঢাকার ২ নম্বর বিশেষ জজ হোসনে আরা বেগমের আদালতে অভিযোগ গঠনের জন্য দিন নির্ধারিত ছিল। কিন্তু এ মামলার আসামি ব্যারিস্টার আমিনুল হকের পক্ষে উচ্চ আদালতে মামলার কার্যক্রম স্থগিত থাকায় আইনজীবী অভিযোগ গঠনের জন্য সময়ের আবেদন করেন। সে আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক নতুন দিন ধার্য করেন। খালেদা জিয়ার অন্যতম আইনজীবী হান্নান ভুঁইয়া  জানান, এ মামলায় খালেদা জিয়া কারাগারে থাকায় তাঁর পক্ষে আইনজীবীর মাধ্যমে হাজিরা দেওয়া হয়।

মামলার অন্য আসামিরা হলেন সাবেক স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন, সাবেক কৃষিমন্ত্রী এম কে আনোয়ার, সাবেক তথ্যমন্ত্রী এম শামসুল ইসলাম, মো. সিরাজুল ইসলাম চৌধুরী, সাবেক বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, হোসাফ গ্রুপের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, সাবেক জ্বালানি ও খনিজ সম্পদ সচিব নজরুল ইসলাম, পেট্রোবাংলার সাবেক পরিচালক মুঈনুল আহসান, সাবেক জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন ও সাবেক ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ব্যারিস্টার মো. আমিনুল হক।

নথি থেকে জানা যায়, ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি শাহবাগ থানায় খালেদা জিয়াসহ ১৬ জনের বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরে ওই বছরের ৫ অক্টোবর পুলিশ তদন্ত করে ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। এ মামলা দায়েরের বৈধতা চ্যালেঞ্জ হাইকোর্টে রিট করেন খালেদা জিয়া। ২০০৮ সালের ১৬ অক্টোবর হাইকোর্ট বেঞ্চ বড়পুকুরিয়া কয়লাখনি মামলার কার্যক্রম স্থগিত করেন। পরে ২০১৬ সালের ১৭ সেপ্টেম্বর বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলা বাতিল চেয়ে খালেদা জিয়ার করা আবেদন খারিজ করে দেন হাইকোর্ট।

পরে এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করলে গত বছরের ২৮ মে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ মামলাটি চলবে বলে আদেশ দেন।

আরও পড়ুন

সর্বশেষ