ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)
হেফাজতের হামলার ঘটনায় দায়ের করা মামলায় ধর্মভিত্তিক সংগঠন জমিয়তে উলামায়ে ইসলাম ও ইসলামী আইন বাস্তবায়ন কমিটির মহাসচিব মুফতি মোহাম্মদ ওয়াক্কাসকে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন জানাবে ডিবি পুলিশ।
সোমবার দুপুরে হেফাজতের নায়েবে আমির সাবেক মন্ত্রী ওয়াক্কাসকে রাজধানীর মালিবাগ এলাকার আবুল হোটেলের সামনে থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
ওয়াক্কাসকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের তাণ্ডবে জড়িত থাকার প্রমাণ পেয়েছেন বলে জানিয়েছেন মহানগর গোয়েন্দা পুলিশ দক্ষিণের উপ-পুলিশ কমিশনার জাহাঙ্গীর হোসেন মাতব্বর।
আর এ ঘটনায় দায়ের করা মামলায় মুফতি ওয়াক্কাসকে ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হবে।
মুফতি ওয়াক্কাসের বিরুদ্ধে পল্টন ও মতিঝিল থানায় ১০টি মামলা রয়েছে। মতিঝিল থানায় দায়ের করা মামলাগুলো হলো- ৯, ১০, ১১, ১২ ও ১৩ নম্বর মামলা এবং পল্টন থানায় দায়ের করা মামলাগুলো হলো ৮, ১২, ১৪, ১৭ ও ১৮ নম্বর মামলা। মতিঝিল থানায় দায়ের করা পুলিশের উপ-পরিদর্শক (সশস্ত্র) শাহজাহান হত্যা মামলায় মুফতি ওয়াক্কাসকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা।




