শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রচ্ছদরাজনীতিসাবেক প্রধানমন্ত্রীর দুর্নীতির দায়ে জেলে যাওয়াটা রাজনৈতিক কর্মী হিসেবে লজ্জার : খাদ্যমন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রীর দুর্নীতির দায়ে জেলে যাওয়াটা রাজনৈতিক কর্মী হিসেবে লজ্জার : খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কারাদণ্ড হওয়ায় রাজনৈতিক কর্মী হিসেবে তিনি লজ্জিত। শনিবার দুপুরে ঢাকার উপকণ্ঠ সাভারের তেঁতুলঝোড়া উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, একজন সাবেক প্রধানমন্ত্রী আজকে দুর্নীতির দায়ে জেলে গেছেন। আমি লজ্জিত তাঁর জন্য, লজ্জিত কেন জানেন? বাংলাদেশের সাবেক একজন প্রধানমন্ত্রীর দুর্নীতির দায়ে জেলে যাওয়াটা রাজনৈতিক কর্মী হিসেবে এটা আমার লজ্জার। তাঁর লজ্জা না করতে পারে, বিএনপির নেতাকর্মীদের লজ্জা না থাকতে পারে। কিন্তু আমার জন্য লজ্জা করে, যে আমার একজন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, রাজনৈতিক কর্মী হিসেবে আমি লজ্জা বোধ করি। তিনি আজকে জেলে, দুর্নীতির দায়ে। সবাইকে দুর্নীতি, মাদক ও জঙ্গিবাদ থেকে দূরে থাকার আহ্বান জানান কামরুল ইসলাম। তিনি বলেন, ‘আজকে আমাদের সবচাইতে বড় দায়িত্ব হচ্ছে সবাই, দুর্নীতিকে না বলা, দুর্নীতিকে ঘৃণা করা। সবাই আমরা দুর্নীতিকে ঘৃণা করব, মাদককে ঘৃণা করবো। মাদককে না বলব, জঙ্গিবাদকে ঘৃণা করবো, জঙ্গিবাদকে না করবো।

মন্ত্রী বলেন, ‘আগামী নির্বাচনেও, জাতীয় নির্বাচনেও, এখানে মুরব্বী যারা আছেন তাদের উদ্দেশ্যে বলি, জাতীয় নির্বাচনে এই দুর্নীতিবাজদের, এই স্বাধীনতাবিরোধী শক্তিদের, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যাদের অবস্থান তাদেরকে ঘৃণা ভরে প্রত্যাহার করবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ রাসেল হাসান, তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর ও সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির।

আরও পড়ুন

সর্বশেষ